logo

দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান

দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান
দুই বছরের বেশি সময় পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। ছবি: গেটি ইমেজ

দুই বছরের বেশি সময় পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর টানা ব্যর্থতার পর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল বাবর আজমের দল।

শুক্রবার (২০ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে জয় নিশ্চিত করে পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ৯০ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় স্বাগতিকরা। একই মাঠে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হওয়ায় এই জয়েই সিরিজ নিজেদের করে নেয় তারা।

Advertisement

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারায় পাকিস্তান। ১৩ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন তৈয়ব আরিফ। এরপর মোহাম্মদ তাহাকে ৪ রানে ফেরান আসিথা ফার্নান্দো। তবে তৃতীয় উইকেটে আজান আওয়াইস ও আমের জামালের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে সহজ জয় পায় পাকিস্তান।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২২ বলে ৫ চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন জামাল। তার ব্যাট থেকেই আসে জয়সূচক বাউন্ডারি। অন্য প্রান্তে ৩৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন আজান।

এর আগে ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তবে দিনের শুরুতে মাত্র ৭ রান যোগ করেই শেষ উইকেট হারায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন আসিথা ফার্নান্দো। ৩১৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস।

মিলান রত্নায়েকে ৮৮ বলে ১২ চারে ৬৬ রান করে অপরাজিত থাকেন। এর আগে অধিনায়ক কুশল মেন্ডিস ৫৩ এবং সোনাল দিনুশা ৫৪ রান করেন। পাকিস্তানের হয়ে আব্বাস ও আমের জামাল নেন তিনটি করে উইকেট।

প্রথম ইনিংসে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের তিন পেসার আব্বাস, জামাল ও রাজাউল্লাহর তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয় তারা। তিনজনই নেন তিনটি করে উইকেট। জবাবে গাজি ঘোরির ৫৪ রানের সুবাদে ৩২৫ রান তুলে ২২৭ রানের বড় লিড পায় পাকিস্তান। শ্রীলঙ্কার লাহিরু কুমারা শিকার করেন পাঁচ উইকেট।

দ্বিতীয় ইনিংসে লড়াই করে ইনিংস ব্যবধানে হার এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি শ্রীলঙ্কা।

এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে সেই খরা কাটানোর পাশাপাশি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও প্রথম সিরিজ জয় পেল পাকিস্তান।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট