logo

টেস্টের দুই র‍্যাঙ্কিংয়েই বিশ্বসেরা মার্কো ইয়ানসেন

টেস্টের দুই র‍্যাঙ্কিংয়েই বিশ্বসেরা মার্কো ইয়ানসেন
মার্কো ইয়ানসেন। ছবি: গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। এক ম্যাচের পারফরম্যান্সেই পাল্টে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটের দুটি গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কিংয়ের চিত্র। ভারতের রবীন্দ্র জাদেজার চার বছরের বেশি সময়ের আধিপত্যের অবসান ঘটিয়ে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে উঠেছেন এই প্রোটিয়া তারকা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গাও দখল করেছেন তিনি। ফলে প্রথমবারের মতো টেস্টের দুই বিভাগে একসঙ্গে বিশ্বসেরার স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

বুধবার (২৮ অক্টোবর) ছেলেদের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে প্রথমবারের মতো বোলিং ও অলরাউন্ডার, দুই বিভাগেই শীর্ষস্থান অর্জন করেছেন ইয়ানসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেরহায় দ্বিতীয় টেস্টে তার অসাধারণ পারফরম্যান্সই এই উত্থানের মূল কারণ।

সিরিজের প্রথম টেস্টে ২১৪ রানে হেরে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ইনিংস ও ৩১ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় তারা। সেই জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন ইয়ানসেন।

ব্যাট হাতে দলকে বিপদ থেকে উদ্ধার করেন বাঁহাতি এই পেসার। দক্ষিণ আফ্রিকা ১১০ রানে ৬ উইকেট হারানোর পর অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়েন তিনি। ১০০ বলে ৯ চার ও ৩ ছক্কায় করেন ৮৫ রান। তাদের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

এরপর বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন ইয়ানসেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র ৩৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। তার বোলিং তোপে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও ৩৪ রানে একটি উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়া এবার ২৯৫ রান তুললেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি।

এমন পারফরম্যান্সের সুবাদে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছেন ইয়ানসেন। ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন শীর্ষস্থানে। এতদিন এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৮৬১ পয়েন্ট নিয়ে নেমে গেছেন যৌথ দ্বিতীয় স্থানে। একই পয়েন্ট নিয়ে তার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

বোলিংয়ের পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও বড় পরিবর্তন এনেছেন ইয়ানসেন। এক ধাপ এগিয়ে ৪৫১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে শেষ করেছেন রবীন্দ্র জাদেজার দীর্ঘ রাজত্ব। ভারতীয় এই অলরাউন্ডার চার বছরেরও বেশি সময় ধরে এক নম্বর অবস্থান ধরে রেখেছিলেন। ৪২২ পয়েন্ট নিয়ে এবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন তিনি।

এই তালিকায় বাংলাদেশের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার পরেই ৩০৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। ২৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

ইয়ানসেনের এই অর্জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের নভেম্বরে কাগিসো রাবাদার পর দেশটির প্রথম বোলার হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। আর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় ২০১৪ সালের আগস্টে ভারনন ফিল্যান্ডারের পর প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এক নম্বর হওয়ার কৃতিত্ব গড়েছেন ইয়ানসেন।

শুধু বোলিং ও অলরাউন্ডার বিভাগেই নয়, ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ১৩ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৫৬তম স্থানে উঠে এসেছেন তিনি। ফলে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন বিভাগেই উন্নতি হয়েছে তাঁর।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও বড় সুখবর পেয়েছেন। চার ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তাঁর ওপরে আছেন কেবল ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

বাভুমার বর্তমান রেটিং পয়েন্ট ৮১৮। অন্যদিকে ৮৬১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ব্রুক। ৮১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের আরেক অভিজ্ঞ ব্যাটার জো রুট।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সাইমন হারমারেরও। বোল্যান্ড তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠেছেন। অন্যদিকে ১৫ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন হারমার।