Advertisement

সেইফার্ট ঝড়ে হান্ড্রেডের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সুপার জায়ান্টস

এশিয়া পোস্ট স্পোর্টস
সেইফার্ট ঝড়ে হান্ড্রেডের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সুপার জায়ান্টস
শিরোপা হাতে ম্যানচেস্টার সুপার জায়ান্টস দলপতি জস বাটলার। ছবি: গেটি ইমেজ

টিম সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথমবারের মতো ছেলেদের দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। লর্ডসের রোমাঞ্চকর ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল।

Advertisement

রকেটসের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ৯৮ বলে পাঁচ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ম্যানচেস্টার। ৩৮ বলে ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সেইফার্ট। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা। জয়সূচক ছক্কাটি অবশ্য এসেছে লিয়াম ডসনের ব্যাট থেকে।

টস জিতে রকেটসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ম্যানচেস্টার। ফিন অ্যালেন ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে ৪৮ রান তুলে ভালো শুরু এনে দেন। তবে চার বলের মধ্যে দুজনকেই ফিরিয়ে ম্যাচের গতি পাল্টে দেন আফগান স্পিনার নুর আহমদ।

অ্যালেন করেন ১৩ বলে ১৫ এবং ডাকেটের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩১ রান। এরপর আনিউরিন ডোনাল্ড পাল্টা আক্রমণে ১৯ বলে ৩৮ রান করেন। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে রকেটস। সেখান থেকে লুইস গ্রেগরির ১৬ বলে ৩২ এবং মিচেল স্যান্টনারের অপরাজিত ২০ রানে ১০০ বলে ৮ উইকেটে ১৫৮ রানে পৌঁছায় দলটি। শেষ ৩০ বলেই তারা যোগ করে ৬১ রান।

ম্যানচেস্টারের হয়ে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন নুর। সনি বেকার ৩৪ রানে পান দুটি উইকেট।

জবাব দিতে নেমেই মোহাম্মদ আমিরের প্রথম পাঁচ বল থেকে ১৪ রান তুলে ঝড়ের আভাস দেন সেইফার্ট। পল ওয়াল্টারের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে দ্রুত আসে ৬৬ রান। ওয়াল্টার ১৪ বলে ২২ রান করে ফিরলেও আক্রমণ থামাননি সেইফার্ট।

মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা ছেলেদের দ্য হান্ড্রেডের ফাইনালে দ্রুততম। অধিনায়ক বাটলারও ১৪ বলে তিন ছক্কায় ২৩ রান করে প্রয়োজনীয় গতি ধরে রাখেন।

জয়ের জন্য ২২ বলে ২৩ রান প্রয়োজন থাকা অবস্থায় সেইফার্ট ফিরলে ম্যাচে ফেরার আশা দেখে রকেটস। শেষ দিকে মোহাম্মদ আমির পরপর দুই বলে হাইনরিখ ক্লাসেন ও মাইকেল ব্রেসওয়েলকে ফিরিয়ে ফাইনালে নাটকীয়তা ফেরান।

শেষ পাঁচ বলে ম্যানচেস্টারের প্রয়োজন ছিল তিন রান। বেন স্যান্ডারসনের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি ডসন। তবে তৃতীয় বলটি মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে দুই বল বাকি থাকতেই দলের প্রথম শিরোপা নিশ্চিত করেন তিনি।

লিউস ডু প্লুই ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। আমির ২৯ রানে তিন এবং ক্যালভিন হ্যারিসন ৩০ রানে দুটি উইকেট নেন।

ম্যাচসেরার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন সেইফার্ট। প্রতিযোগিতায় ১০ ইনিংসে পাঁচটি অর্ধশতকে ৩৯৪ রান করেছেন তিনি। তার গড় ৪৯ দশমিক ২৫ এবং স্ট্রাইক রেট ১৬৮ দশমিক ৩৭।

এর আগে ম্যানচেস্টার অরিজিনালস নামে ২০২২ ও ২০২৩ সালের ফাইনালে হেরেছিল দলটি। তৃতীয়বার ফাইনালে উঠে অবশেষে শিরোপা জিতল নতুন নামের ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

সেইফার্ট ঝড়ে হান্ড্রেডের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সুপার জায়ান্টস