logo

এশিয়ান গেমসে আফগানিস্তানকে চমকে দিল নেপাল

এশিয়ান গেমসে আফগানিস্তানকে চমকে দিল নেপাল
ছবি: ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল

এশিয়ান গেমস ক্রিকেটে বড় চমক দেখাল নেপাল। তিনবারের রুপাজয়ী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছে তারা। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেপালের এটি ২০১৪ সালের পর প্রথম জয়।

জাপানের নিশিনে শুক্রবার টস জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান। কিন্তু নেপালের স্পিনে শুরু থেকেই চাপে পড়ে তারা। ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রানেই থামে আফগানদের ইনিংস।

নেপালের হয়ে বল হাতে সবচেয়ে সফল কুশল ভুর্তেল। ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ললিত রাজবংশী ১৩ রানে শিকার করেন বাকি ৩ উইকেট। আফগানিস্তানের ফয়সাল খান আহমাদজাই ও নাজিবুল্লাহ জাদরান করেন সমান ৩০ রান।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি নেপালেরও। ভুর্তেল ফেরেন শূন্য রানে, আসিফ শেখ করেন মাত্র ২। এরপর সন্দীপ জোরা ও অধিনায়ক রোহিত পাউডেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় নেপাল।

জোরা করেন ৩৫ বলে ৩৪ রান। পাউডেল অপরাজিত থাকেন ৩২ বলে ৩৩ রানে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে নেপাল।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে নেপালের সর্বশেষ টি-টোয়েন্টি জয়টি এসেছিল ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশে, ৯ রানে। একই বছর ইনচন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আবার আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছিল তারা।

এবারের আসরে আফগানিস্তান মূল জাতীয় দলের বদলে মূলত তরুণদের নিয়ে গড়া ‘আফগান আবদালিয়ান’ দল পাঠিয়েছে, যদিও নাজিবুল্লাহ জাদরান ও করিম জানাতের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছেন স্কোয়াডে।

গ্রুপ ‘এ’ থেকে সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। নেপালের পরের ম্যাচ শনিবার স্বাগতিক জাপানের বিপক্ষে।