না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে একটি বলও গড়াল না, তবু এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ায় উচ্চতর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সুবাদে শেষ চারে জায়গা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বৃহস্পতিবার সকালে হওয়ার কথা ছিল ম্যাচটি। মাঠ খেলার উপযোগী না থাকায় টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, নকআউট ম্যাচে স্বাভাবিক খেলা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করার কথা। সেটিও সম্ভব না হলে উচ্চতর র্যাঙ্কিংয়ের দল পরের পর্বে যাবে। বাংলাদেশ বর্তমানে নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশম, চীন (৩৭) অনেক পিছিয়ে থাকায় সেই নিয়মেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
এবারের নারী ক্রিকেটে আট দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করেছে। ফলে মাঠে না নেমেই বাংলাদেশের প্রথম ম্যাচ শেষ হয়ে গেল, সঙ্গে নিশ্চিত হলো পদকের লড়াইয়ে টিকে থাকা।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও স্বাগতিক জাপানের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। ম্যাচটি হবে আগামী ২০ সেপ্টেম্বর।
গত এশিয়ান গেমসেও বাংলাদেশের মেয়েরা পদক জিতেছিল। এবার আরও একবার পদকের খুব কাছে পৌঁছে গেল জ্যোতির দল।


