Advertisement

ম্যাচ পাতানোর চেষ্টায় মার্কিন ক্রিকেটার ৮ বছর নিষিদ্ধ

এশিয়া পোস্ট স্পোর্টস
ম্যাচ পাতানোর চেষ্টায় মার্কিন ক্রিকেটার ৮ বছর নিষিদ্ধ
অখিলেশ রেড্ডি। ছবি: গেটি ইমেজ

ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন। সেই কাজে আরেকজনকে টানারও চেষ্টাও ছিল তার। তদন্তে প্রাসঙ্গিক হতে পারত এমন তথ্য ও বার্তাও মুছে দিয়েছিলেন মুঠোফোন থেকে। শেষ পর্যন্ত তিন অভিযোগেই দোষী হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বুদুগুম অখিলেশ রেড্ডি।

সব ধরনের ক্রিকেট থেকে তাই রেড্ডিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

রেড্ডির বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন প্রতিযোগিতাকে ঘিরে। আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তাকে সংস্থাটির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা ভাঙার দায়ে দোষী সাব্যস্ত করেছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, প্রতিযোগিতার ম্যাচের ফল, গতিপ্রকৃতি, পরিচালনা কিংবা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত বা পাতানোর চেষ্টা করেছিলেন রেড্ডি। এ ধরনের কাজে তিনি কোনো চুক্তি বা সমঝোতার অংশ ছিলেন বলেও ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগটি অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ পাতানোর কাজে প্ররোচিত, উৎসাহিত অথবা সহায়তা করার চেষ্টা নিয়ে। তৃতীয় অভিযোগে তদন্তে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত এমন তথ্য ও বার্তা নিজের মুঠোফোন থেকে মুছে দিয়েছিলেন রেড্ডি।

২০২৫ সালের ২১ নভেম্বর সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল তাকে। ফলে আট বছরের নিষেধাজ্ঞা ওই দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

আবুধাবি টি-টেনের দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য এমিরেটস ক্রিকেট বোর্ড আইসিসিকে দায়িত্ব দিয়েছিল। সাক্ষী ও সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের পরিচয় সুরক্ষিত রাখতে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ের কিছু অংশ প্রকাশ করেনি আইসিসি।