logo

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ানসহ ১৩ ক্রিকেটার

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ানসহ ১৩ ক্রিকেটার
মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি

একসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। গত বছর এক ধাপ অবনমন হলেও চুক্তিতে জায়গা ধরে রেখেছিলেন তিনি। তবে এবার পুরোপুরি বাদ পড়লেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার সঙ্গে নতুন চুক্তিতে জায়গা হারিয়েছেন শান মাসুদ ও সাইম আইয়ুবসহ আরও ১২ ক্রিকেটার। অন্যদিকে নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শুধু বাবর আজম ও সালমান আলী আগা।

শনিবার (২১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে পিসিবি। জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ নতুন চুক্তির বিস্তারিত তুলে ধরেন। এবার মোট ৩৮ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে। আগের মৌসুমে এই সংখ্যা ছিল ৩০। নতুন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।

Advertisement

এবারের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত রিজওয়ানকে বাদ দেওয়া। ২০২৪-২৫ মৌসুমে বাবরের সঙ্গে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। গত মৌসুমে দুজনকেই নামিয়ে দেওয়া হয় ‘বি’ ক্যাটাগরিতে। তবে নতুন চুক্তিতে বাবর জায়গা ধরে রাখলেও রিজওয়ানের নাম নেই কোনো বিভাগেই।

শুধু রিজওয়ান নন, কেন্দ্রীয় চুক্তি হারিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদও। গত মৌসুমে ‘বি’ ক্যাটাগরিতে থাকা তরুণ ওপেনার সাইম আইয়ুব এবং অভিজ্ঞ পেসার হাসান আলীরও জায়গা হয়নি নতুন তালিকায়।

বাদ পড়া অন্য ক্রিকেটাররা হলেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সব মিলিয়ে আগের মৌসুমের চুক্তিতে থাকা ১৩ ক্রিকেটার এবার জায়গা হারিয়েছেন।

তবে এবারের চুক্তিতে শুধু ক্রিকেটারদের অন্তর্ভুক্তি বা বাদ পড়ার বিষয়েই পরিবর্তন আসেনি। পুরো কাঠামোই বদলে দিয়েছে পিসিবি। আগের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রেডিংয়ের পরিবর্তে চালু করা হয়েছে সংস্করণভিত্তিক পাঁচটি বিভাগ।

নতুন ব্যবস্থায় টেস্ট ও ওয়ানডে, শুধু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধু টি-টোয়েন্টি এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য আলাদা চুক্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ক্রিকেটারই এবার তিন সংস্করণের চুক্তি পাননি।

টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শুধু বাবর আজম ও সালমান আলী আগা। সম্প্রতি টেস্ট অধিনায়কত্বে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছেন বাবর। দুই বছরের বেশি সময় পর পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয় ছিল সেটি।

অন্যদিকে কয়েক মাস আগেও পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সালমান। তবে নতুন চুক্তিতে সেই সংস্করণে জায়গা পাননি তিনি। বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাহিবজাদা ফারহান।

শুধু টেস্ট ক্রিকেটের চুক্তি পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টির যৌথ চুক্তিতে রয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টির চুক্তি পেয়েছেন সাত ক্রিকেটার। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

সব মিলিয়ে ১৯ ক্রিকেটারকে রাখা হয়েছে মূল চারটি সংস্করণভিত্তিক বিভাগে। বাকি ১৯ জন জায়গা পেয়েছেন নতুন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। তাদের মধ্যে রয়েছেন সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা রাজাউল্লাহ, তৈয়ব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি ও সাকিব খান।

এ ছাড়া উদীয়মানদের তালিকায় রয়েছেন সাদ বেগ, আলী রেজা, হুনাইন শাহ, উবায়েদ শাহ, সামির মিনহাস ও সুফিয়ান মুকিমের মতো ক্রিকেটাররা। নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়ে তোলাই এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আকিব জাভেদ জানান, নির্বাচক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই নতুন চুক্তির তালিকা তৈরি করা হয়েছে। আগামী জুনের মধ্যে কোন ক্রিকেটার কোন সংস্করণে দলের পরিকল্পনায় থাকবেন, সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান কোচ মাইক হেসনের মতে, সংস্করণভিত্তিক চুক্তির ফলে ক্রিকেটাররা নিজেদের ভূমিকা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন। একই সঙ্গে নির্দিষ্ট সংস্করণের প্রস্তুতি ও ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের পরিকল্পনাও সহজ হবে।

নতুন চুক্তিতে ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে পিসিবি। তবে কোন বিভাগে কত পারিশ্রমিক দেওয়া হবে কিংবা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তা প্রকাশ করেনি বোর্ড।

এদিকে চুক্তি থেকে বাদ পড়লেও রিজওয়ানের জাতীয় দলে ফেরার দরজা বন্ধ হচ্ছে না। আকিব জাভেদ স্পষ্ট করেছেন, কেন্দ্রীয় চুক্তি ও জাতীয় দলে নির্বাচন দুটি আলাদা বিষয়। নির্বাচকেরা প্রয়োজন মনে করলে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও জাতীয় দলে নিতে পারবেন।

ফলে রিজওয়ানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে একসময় সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারের নতুন চুক্তিতে জায়গা না পাওয়া পাকিস্তান ক্রিকেটের বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট