Advertisement

ভারতের বিপক্ষে টেস্টের মাঝেই হাসপাতালে চান্দিমাল

এশিয়া পোস্ট স্পোর্টস
ভারতের বিপক্ষে টেস্টের মাঝেই হাসপাতালে চান্দিমাল
মাঠে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে দিনেশ চান্দিমালকে। ছবি: আইএএনএস

ভারতের বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিনে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধ ও ঘাড়ে আঘাত পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। মাঠে প্রাথমিক চিকিৎসার পর সতর্কতামূলক স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুর দিকেই ঘটে ঘটনাটি। লোকেশ রাহুলের একটি শট বাউন্ডারিতে পৌঁছানো ঠেকাতে ছুটে গিয়ে ডাইভ দেন চান্দিমাল। বলটি আটকাতে পারলেও মাটিতে পড়ার সময় তার কাঁধ ও ঘাড়ে প্রচণ্ড চাপ পড়ে।

পড়ে যাওয়ার পরই অস্বস্তিতে দেখা যায় ৩৬ বছর বয়সী এই ব্যাটারকে। ঘাড়ের পেছনের অংশ ধরে কিছুক্ষণ মাঠে শুয়ে ছিলেন তিনি। দ্রুত মাঠে ছুটে আসেন শ্রীলঙ্কা দলের ফিজিও ও চিকিৎসক। প্রাথমিক পরীক্ষা শেষে আর ফিল্ডিং চালিয়ে যেতে পারেননি চান্দিমাল।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, চান্দিমালের ডান কাঁধ ও ঘাড়ে আঘাত লেগেছে। মাঠেই দলের ফিজিও ও চিকিৎসক তাকে পরীক্ষা করেন। পরে সতর্কতামূলকভাবে স্ক্যান করাতে হাসপাতালে পাঠানো হয়। স্ক্যানের ফল পাওয়ার পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

চান্দিমালের চোট শ্রীলঙ্কার জন্য বাড়তি উদ্বেগের কারণ। প্রথম ইনিংসে অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ১৬ বলে ৪ রান করে ভারতীয় স্পিনার মানব সুতারের বলে আউট হন।

ভারতের ৪৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১৭৮ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। সুতার প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নেন, আর রবীন্দ্র জাদেজা শিকার করেন ৩ উইকেট।

এখন শ্রীলঙ্কার সবচেয়ে বড় চিন্তা, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য চান্দিমাল ফিট হতে পারবেন কি না। তার চোট কতটা গুরুতর, সেটি নিশ্চিত হওয়া যাবে হাসপাতালের স্ক্যানের ফল হাতে আসার পর।

ভারতের বিপক্ষে টেস্টের মাঝেই হাসপাতালে চান্দিমাল