Advertisement

ডারউইনে হাসান-ঝড়, ২০০ ছোঁয়ার আগেই থামল অস্ট্রেলিয়া

এশিয়া পোস্ট স্পোর্টস
ডারউইনে হাসান-ঝড়, ২০০ ছোঁয়ার আগেই থামল অস্ট্রেলিয়া
ছবি: গেটি ইমেজ

হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে দুইশ রানও করতে পারল না অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন হাসান।

Advertisement

এই পথে ইতিহাসও গড়েছেন বাংলাদেশের এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় পাঁচ উইকেট। তিনটিই পেয়েছেন দেশের বাইরে।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা অবশ্য খারাপ ছিল না। ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডের উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান। ওয়েদারাল্ডকে ২৩ রানে লিটন দাসের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন হাসান। এরপর ২২ রান করা হেডের স্টাম্প উপড়ে দেন তিনি।

মার্নাস লাবুশেনকে ১ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলেন এবাদত হোসেন। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ক্যামেরন গ্রিনকে ১৩ রানে আউট করেন তাসকিন আহমেদ। প্রথম সেশন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৪ রান।

পঞ্চম উইকেটে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ৫৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকেরা। ১৯ রান করা ক্যারিকে বোল্ড করে সেই প্রতিরোধ ভাঙেন এবাদত। দ্রুত রান তুলতে থাকা বো ওয়েবস্টারকে ১২ রানে বোল্ড করেন তাসকিন।

এরপর আবারও আঘাত হানেন হাসান। প্যাট কামিন্সকে ৯ ও মিচেল স্টার্ককে ১ রানে লিটনের ক্যাচ বানান তিনি। চা-বিরতিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৮৩ রান।

শেষ সেশনে স্মিথকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। অফ স্টাম্পের বাইরের খাটো বল আপার কাট করতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটার। ১০৯ বলে সাতটি চার ও একটি ছক্কায় ইনিংসসেরা ৭১ রান করেন তিনি।

শেষ উইকেটে নাথান লায়ন ও জশ হ্যাজলউড যোগ করেন ৯ রান। লায়নকে ৭ রানে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করার পাশাপাশি ষষ্ঠ উইকেট তুলে নেন হাসান। ৪ রানে অপরাজিত থাকেন হ্যাজলউড।

১৭ ওভারে তিন মেডেনসহ ৫৫ রান দিয়ে ছয় উইকেট নেন হাসান। তাসকিন ৫৫ রানে এবং এবাদত ৩৯ রানে নেন দুটি করে উইকেট। অস্ট্রেলিয়ার সব কটি উইকেটই ভাগ করে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার।

ডারউইনে হাসান-ঝড়, ২০০ ছোঁয়ার আগেই থামল অস্ট্রেলিয়া