সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ আখ্যা ডা. জাহেদের

ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের সামর্থ্য স্বীকার করলেও তার রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাকিবকে তিনি ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাকিব প্রসঙ্গে কথা বলেন ডা. জাহেদ।
তিনি বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। তবে যে শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনও আছে, সে নষ্ট পচে যাওয়া মানুষ।’
সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান ও দেশে ফিরতে না পারার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিব। দুই বছর ধরে দেশের বাইরে থাকাকে নিজের জন্য এক ধরনের শাস্তি বলেও উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সাকিবের এসব বক্তব্য নিয়েও কড়া প্রতিক্রিয়া জানান ডা. জাহেদ। তিনি বলেন, ‘তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।’
সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা ও বিচারিক অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি সবাইকে মেনে নিতে হবে।’
বর্তমান ব্যবস্থায় অভিযুক্ত ব্যক্তি যেই হোন না কেন, তার নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলেও দাবি করেন তিনি।
ডা. জাহেদ বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীও, সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার, সেগুলো পাবেন।’
সাকিব ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান ও বাংলাদেশে ফেরা নিয়ে কথা বলেছেন তিনি।
.png)


