logo

বৃষ্টিতে না খেলেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

বৃষ্টিতে না খেলেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ
বাংলাদেশের এশিয়ান গেমস দল। ছবি: বিসিবির ফেসবুক পেজ

এশিয়ান গেমসে মাঠে নামার আগেই সেমিফাইনালে ওঠার একটি পথ খোলা আছে বাংলাদেশের সামনে। মালয়েশিয়ার বিপক্ষে মঙ্গলবারের কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পুরোপুরি ভেসে গেলে উচ্চতর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সুবাদে শেষ চারে চলে যাবে লিটন দাসের দল।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টায় মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। তবে টানা বৃষ্টি ও মাঠের পানি নিষ্কাশনের সমস্যা ম্যাচটিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি করেছে। বাংলাদেশ বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অষ্টম, মালয়েশিয়া ২৫তম। ফলে ম্যাচ থেকে কোনো ফল বের করা সম্ভব না হলে এগিয়ে যাবে বাংলাদেশ।

সোমবারের দুই কোয়ার্টার ফাইনালেই দেখা গেছে এই নিয়মের প্রয়োগ। পাকিস্তান-হংকং ম্যাচে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী উচ্চতর র‌্যাঙ্কিংয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।

একইভাবে ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সেখানে উচ্চতর সিডিংয়ের কারণে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত। অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচেও একই পরিস্থিতি তৈরি হলে সুবিধা পাবে বাংলাদেশ।

তবে বৃষ্টির সমীকরণ নিয়ে মাঠে নামতে চান না বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার চাওয়া, ম্যাচ হোক এবং মাঠে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করুক দল।

সালাহউদ্দিন বলেছেন, ‘প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে থেকেই ধরে নেওয়া উচিত নয় যে আমরা জিতে গেছি; মাঠে খেলেই জিততে হবে। আমরা মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

মালয়েশিয়াকেও হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না তিনি। একই মাঠে বারবার ম্যাচ হওয়া, ব্যবহৃত উইকেট এবং আবহাওয়ার কারণে ছোট সংস্করণের ক্রিকেটে অঘটন ঘটতে পারে বলে মনে করেন বাংলাদেশের কোচ।

গত এশিয়ান গেমসেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। সেবার ১১৬ রানের পুঁজি নিয়ে মাত্র দুই রানে জিতেছিল বাংলাদেশ। তাই র‌্যাঙ্কিংয়ের ব্যবধান বড় হলেও এবারও কাজটি সহজ হবে না।

এবারের এশিয়ান গেমসেই বৃষ্টির কারণে না খেলেও শেষ চারে ওঠার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের নারী দলের। চীনের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর উচ্চতর র‌্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।