logo

মাঠে গড়ায়নি এক বলও, ডিপিএলে ঘটল নজিরবিহীন ঘটনা

মাঠে গড়ায়নি এক বলও, ডিপিএলে ঘটল নজিরবিহীন ঘটনা
ডিপিএল। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে পেমেন্ট জটিলতা ঘিরে আবারও অস্বস্তিকর ঘটনা। শুক্রবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ব্রাদার্স ইউনিয়নের। ক্রিকেটাররা মাঠেও এসেছিলেন। তবে শেষ পর্যন্ত ম্যাচ খেলতে নামেননি তারা। বকেয়া পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেন ব্রাদার্সের ক্রিকেটাররা।

ম্যাচে ব্রাদার্স না নামায় ওয়াকওভার পায় অগ্রণী ব্যাংক। এই ফলের সঙ্গে ব্রাদার্স ইউনিয়নের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে অবনমন। ম্যাচ না খেলায় প্রিমিয়ার লিগ থেকে নেমে গেল ঐতিহ্যবাহী ক্রিকেটে।

ব্রাদার্সের ক্রিকেটারদের ক্ষোভ মূলত পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে। দলটির কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে এখনও চুক্তির পুরো অর্থ পাননি। কেউ কেউ পেয়েছেন প্রায় ২০ শতাংশ, আবার অনেকের পাওনা পরিশোধ হয়েছে ১৩ থেকে ১৫ শতাংশের মতো। বৃহস্পতিবারের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও সেটি না হওয়ায় শুক্রবারের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা।

ডিপিএলের ম্যাচদিনে এমন ঘটনা দেশের ঘরোয়া ক্রিকেটের জন্য বিব্রতকর। ঢাকার ছয় ভেন্যুতে এদিন লিগের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ব্রাদার্স-অগ্রণী ব্যাংক ম্যাচটি মাঠে না গড়িয়েই শেষ হয়ে যায়। ক্রিকেটাররা মাঠে উপস্থিত থেকেও খেলতে অস্বীকৃতি জানান।

ব্রাদার্স ইউনিয়নের পেমেন্ট জটিলতা এবারই প্রথম নয়। আগের মৌসুমেও পারিশ্রমিক নিয়ে দলটির ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ ছিল। এবার সেই সমস্যা আরও বড় আকারে সামনে এলো, যার সরাসরি প্রভাব পড়ল মাঠের খেলায় এবং ক্লাবের অবস্থানেও।

একসময় দেশের ঘরোয়া ক্রিকেটে বড় নাম ছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক অস্থিরতাও ক্লাবটিকে ভুগিয়েছে। শেষ পর্যন্ত পেমেন্ট ইস্যুতে ম্যাচ বয়কট এবং ওয়াকওভারের ঘটনা তাদের প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়ার পথ আরও নিশ্চিত করল।

ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা নতুন আলোচনা নয়। তবে একটি দল মাঠে এসে ম্যাচ না খেললে সেটি শুধু সংশ্লিষ্ট ক্লাবের সমস্যা থাকে না; পুরো লিগের পেশাদারিত্ব, ব্যবস্থাপনা ও বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে।