logo

টেস্টের দুঃস্বপ্ন ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তাসকিন

টেস্টের দুঃস্বপ্ন ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তাসকিন
তাসকিন আহমেদ। পুরোনো ছবি

চার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়ার অন্যতম নায়ক ছিলেন তাসকিন আহমেদ। এবার সেই দেশেই টেস্ট সিরিজে ব্যর্থতার সাক্ষী হয়েছেন এই পেসার। দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অতীতের সাফল্য থেকে অনুপ্রেরণা নিলেও এবার বাড়তি চাপ না নিয়ে ওয়ানডে সিরিজে ভালো শুরুর দিকে মনোযোগ দিচ্ছেন তাসকিন।

আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) ইস্ট লন্ডনের বাফেলো পার্কে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে রোববার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন তাসকিন।

Advertisement

এই পেসার বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কীভাবে ভালো খেলে শুরু করা যায়। যদিও সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল। যদিও সেটা অনেক দিন আগে। আশা থাকবে কীভাবে সিরিজ জেতা যায়।’

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে জেতা সেই সিরিজে আট উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন। সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে অতীতের সাফল্য নিয়ে পড়ে থাকতে চান না তাসকিন। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘গত স্মৃতি যেহেতু দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পেলেও এবারের অনুশীলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশি বোলারদের। নেটে কাটার বেশ কার্যকর হতে দেখেছেন তাসকিন। তবে ম্যাচের উইকেটের আচরণ বুঝেই বোলিংয়ের পরিকল্পনা সাজাতে চান তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় দুশ্চিন্তার জায়গা হয়ে উঠেছে ব্যাটিং। সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি দল। হেরেছে চারটি ম্যাচেই।

এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জানিয়ে তাসকিন বলেন, ‘গত বেশ কিছু ম্যাচে আমরা চাপের মুখে কলাপ্স করেছি। কিছু ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করা হচ্ছে। আশা করি দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশাআল্লাহ।’

ব্যাটিংয়ের পাশাপাশি ক্যাচ মিসের মতো ভুল কমিয়ে আনার ওপরও গুরুত্ব দিয়েছেন তাসকিন। আগামী বছর দক্ষিণ আফ্রিকাসহ তিন দেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ফলে এখানকার কন্ডিশনে নিজেদের প্রস্তুত করারও সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

টানা পরাজয়ে দলের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিলেও বাংলাদেশের বোলিং আক্রমণের ওপর আস্থা হারাচ্ছেন না তাসকিন।

তার ভাষায়, ‘যখন একটু হার আসতে থাকে, মানসিকভাবে সবাই একটু ডাউন থাকে। তবে আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।’

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট