logo

বৃষ্টির শঙ্কা নিয়েই শুরু হচ্ছে সিলেট টেস্ট

বৃষ্টির শঙ্কা নিয়েই শুরু হচ্ছে সিলেট টেস্ট
সিলেট স্টেডিয়াম। ছবি: এশিয়া পোস্ট

মিরপুরে ঐতিহাসিক জয়ের পর এবার সিলেটে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগেই বড় আলোচনায় আবহাওয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টের প্রথম দিনেই বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা রয়েছে। ম্যাচের প্রথম চার দিনও আবহাওয়া পুরোপুরি স্বস্তি দিচ্ছে না।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালে সিলেটে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। দিনজুড়ে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ২৪ ডিগ্রি। আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বাস্তব তাপমাত্রার চেয়ে বেশি হতে পারে।

রোববারও সকালে কয়েক দফা বজ্রঝড়ের সম্ভাবনা আছে। এরপরও আকাশ বেশির ভাগ সময় মেঘলা থাকতে পারে। সোমবার সকালে বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা থাকলেও পরে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। তবে মঙ্গলবার আবার ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বড় প্রভাব ফেলতে পারে।

পঞ্চম দিন, বুধবার, তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা ভালো থাকতে পারে। সেদিন সিলেটে আকাশে রোদ-মেঘের মিশ্রণ থাকতে পারে, তবে গরম ও আর্দ্রতা থাকবে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অনিশ্চিত হলেও সিলেটের ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশ দলকে কিছুটা আশাবাদী করছে। ম্যাচের আগের দিন মুশফিকুর রহিমও বলেছেন, বৃষ্টি হলেও সিলেটের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় খেলা শুরু করা সম্ভব হতে পারে, যদি দিনের মধ্যে দীর্ঘ সময় বৃষ্টি না থাকে।

বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। মিরপুরে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৩ উইকেটে ১১৯ রানে ছিল পাকিস্তান। কিন্তু সেখান থেকে ধস নামে সফরকারীদের ইনিংসে। শেষ পর্যন্ত ১৬৩ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশের জয়ের বড় নায়ক ছিলেন নাহিদ রানা। তার আগুনে বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের ৯১ রান দলকে বড় স্কোর এনে দেয়। জবাবে পাকিস্তান ৩৮৬ রান করলেও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ম্যাচ হারে।

এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচ শেষে ১৬ পয়েন্ট ও ৪৪.৪৪ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ষষ্ঠ স্থানে। পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। তবে সেই লড়াইয়ে প্রতিপক্ষ শুধু পাকিস্তান নয়, আবহাওয়াও। বৃষ্টি কতটা সময় কেড়ে নেয়, সেটির ওপর নির্ভর করতে পারে ম্যাচের গতি, একাদশের ভারসাম্য এবং দুই দলের কৌশল।