Advertisement

বুমরাহর ইনজুরিতেও ভারত দলে সুযোগ হয় না শামির

এশিয়া পোস্ট স্পোর্টস
বুমরাহর ইনজুরিতেও ভারত দলে সুযোগ হয় না শামির
জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

দুর্দান্ত ঘরোয়া মৌসুম কাটিয়েও ভারতীয় টেস্ট দলে ফেরার পথ খুলছে না মোহাম্মদ শামির। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে জাসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পরও অভিজ্ঞ এই পেসারকে বিবেচনা করেননি নির্বাচকেরা। বুমরাহর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা আকিব নবিকে।

জম্মু ও কাশ্মীরের পেসার নবি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। তবে তার সুযোগ পাওয়ার সিদ্ধান্তটি একই সঙ্গে শামির বর্তমান অবস্থাও পরিষ্কার করে দিয়েছে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বিবেচনায় ভারতের টেস্ট পেসারদের তালিকায় আরও পিছিয়ে পড়েছেন শামি।

২০২৩ সালের পর ভারতের হয়ে কোনো টেস্ট খেলেননি শামি। জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন নিজের সর্বশেষ ওয়ানডে।

শুরুতে চোট ও ফিটনেসের কারণে জাতীয় দলের বাইরে চলে গেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন শামি। সর্বশেষ সাতটি রঞ্জি ট্রফি ম্যাচে ১ হাজার ৩৮৩ বল করে নিয়েছেন ৩৭ উইকেট। তার বোলিং গড় মাত্র ১৬ দশমিক ৭২। এই সময়ে ৫০টি মেডেন ওভার করার পাশাপাশি তিনবার পাঁচ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারসেরা ৮ উইকেটও এসেছে এই মৌসুমে।

এরপরও শামিকে টেস্ট দলে না রাখার কারণ হিসেবে তার ফিটনেসের কথাই সামনে এনেছেন প্রধান নির্বাচক আগারকার। তার মতে, টেস্ট ক্রিকেটের চাপ সামলানোর মতো পূর্ণ ফিটনেস এখনো অর্জন করতে পারেননি অভিজ্ঞ পেসার।

শামির শক্তিশালী পারফরম্যান্সের পরও অবশ্য ঘরোয়া ক্রিকেটে তার চেয়ে এগিয়ে ছিলেন নবি। রঞ্জি ট্রফির সর্বশেষ মৌসুমে ১২ দশমিক ৫৬ গড়ে ৬০ উইকেট নিয়েছেন এই পেসার। সংখ্যার হিসাবে শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পাওয়ার দাবি জোরালোভাবেই প্রতিষ্ঠা করেছেন তিনি।

তবে বুমরাহর বদলি হিসেবে শামির পরিবর্তে নবিকে বেছে নেওয়ার মধ্য দিয়ে নির্বাচকদের অবস্থানও স্পষ্ট হয়েছে। কেবল অভিজ্ঞতা কিংবা অতীত সাফল্যের ভিত্তিতে আর দলে ফেরার সুযোগ নেই। জাতীয় দলে জায়গা পেতে উদীয়মান পেসারদের চেয়ে ভালো পারফরম্যান্সের পাশাপাশি নিজের পূর্ণ ফিটনেসও প্রমাণ করতে হবে শামিকে।

সামনে দুলীপ ট্রফিসহ বেশ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে। টেস্ট দলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে সেখানে আবারও আধিপত্য দেখাতে হবে শামিকে।