logo

আফ্রিদির আরেক রেকর্ড ভেঙে ইতিহাস রোহিতের

আফ্রিদির আরেক রেকর্ড ভেঙে ইতিহাস রোহিতের
শহীদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত। ছবি: কোলাজ

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন রোহিত শর্মা। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির আরও একটি রেকর্ড ভাঙলেন ভারতের এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কীর্তি এতদিন ছিল আফ্রিদির দখলে। ওয়েলিংটনে মাত্র ২৩ রানের ইনিংস খেলেই সেই রেকর্ড নিজের করে নিলেন রোহিত। দুটি ছক্কায় কিউইদের বিপক্ষে তার মোট ছক্কা এখন ৫১টি। এর মধ্য দিয়ে আফ্রিদির ৫০ ছক্কার রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন ভারতের সাবেক অধিনায়ক।

শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনের এইচএনআরওয়াই স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী রোহিত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বলে ২৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ছোট এই ইনিংসেই পাকিস্তানের সাবেক তারকা আফ্রিদির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন তিনি।

ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিতের ছক্কা ছিল ৪৯টি। আফ্রিদির রেকর্ড ভাঙতে প্রয়োজন ছিল মাত্র দুটি ছক্কা। সেই অপেক্ষা অবশ্য খুব বেশি দীর্ঘ হয়নি তাঁর।

ভারতের ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে কাইল জেমিসনের শর্ট বল পুল করে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান রোহিত। তাতে আফ্রিদির ৫০ ছক্কার রেকর্ড স্পর্শ করেন তিনি।

এরপর নবম ওভারের দ্বিতীয় বলে আবারও জেমিসনকে সীমানার বাইরে পাঠান ভারতীয় ওপেনার। এবার লেগ স্টাম্পের ওপর আসা ফুলটস ধরনের বল স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। আর তাতেই ৫১ ছক্কা নিয়ে এককভাবে উঠে যান তালিকার শীর্ষে।

তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি রোহিত। একই ওভারের চতুর্থ বলে জেমিসনের শিকার হন তিনি। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দেন এই ওপেনার। ২৮ বলে ২৩ রান করে ফেরার সময় ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৯ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬টি ওয়ানডের ৩৪ ইনিংসে ৫১টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। অন্যদিকে আফ্রিদি ৩৮ ম্যাচের ৩৫ ইনিংসে করেছিলেন ৫০টি ছক্কা। অর্থাৎ পাকিস্তানের সাবেক অধিনায়কের চেয়ে এক ইনিংস কম খেলেই তাঁর রেকর্ড ভেঙেছেন ভারতীয় এই ব্যাটার।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তাঁর ছক্কা ৪৫টি। ৪১টি ছক্কা নিয়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়াসুরিয়া। এরপর যৌথভাবে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার ও ভারতের বিরাট কোহলি। দুজনেরই ছক্কা ২৯টি করে।

অবশ্য ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সব প্রতিপক্ষ মিলিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও রোহিতের দখলে। গত বছরের ৩০ নভেম্বর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙেছিলেন তিনি। সেই ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়ে নিজের মোট ছক্কা ৩৫২-তে নিয়ে যান রোহিত।

এরপর আরও অনেক দূর এগিয়ে গেছেন ভারতীয় ওপেনার। ওয়েলিংটনের ম্যাচ শেষে ওয়ানডেতে তাঁর মোট ছক্কা দাঁড়িয়েছে ৩৮৩টি। পাকিস্তানের আফ্রিদি ৩৫১ এবং ওয়েস্ট ইন্ডিজের গেইল ৩৩১টি ছক্কা নিয়ে এই তালিকায় পরের দুটি স্থানে রয়েছেন। ওয়ানডে ইতিহাসে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করতে পেরেছেন কেবল এই তিন ক্রিকেটার।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট