Advertisement

বিশ্বকাপের টিকিটের কাছে বাংলাদেশ, তবুও কাটেনি শঙ্কা

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপের টিকিটের কাছে বাংলাদেশ, তবুও কাটেনি শঙ্কা
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর সরাসরি যোগ্যতার শেষ জায়গাটি নিয়ে এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই। র‍্যাঙ্কিংয়ে ছয় পয়েন্ট এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান শক্ত। তবে সেপ্টেম্বরে ফলের একটি কঠিন সমীকরণ লিটন দাসের দলকে এখনো বিশ্বকাপ বাছাইপর্বে ঠেলে দিতে পারে।

Advertisement

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। ২৯৯ রান তাড়া করতে নেমে ২০৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ছয় উইকেট নিয়ে আফগানদের জয়ের নায়ক রশিদ খান।

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত। তাদের বাইরে ৩০ সেপ্টেম্বরের র‍্যাঙ্কিংয়ে সেরা আট দল সরাসরি বিশ্বকাপে যাবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকায় সামগ্রিক তালিকার নবম স্থানে থাকা দলেরও সরাসরি খেলার সুযোগ থাকবে।

বাংলাদেশ বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। এই ছয় পয়েন্টের ব্যবধান বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে রাখলেও আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপ নিশ্চিত হয়নি।

আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। ম্যাচগুলো হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। সিরিজে অন্তত একটি জয় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত করে দেবে।

বিপদ তৈরি হতে পারে বাংলাদেশ তিন ম্যাচেই হারলে। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং নেমে যেতে পারে ৮২-এর কাছাকাছি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ কাটঅফের আগে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম দুই ওয়ানডে জিতলে তাদের রেটিংও প্রায় একই জায়গায় পৌঁছাবে। তখন অতি সামান্য ব্যবধানে নির্ধারিত হতে পারে শেষ সরাসরি টিকিট।

ওয়েস্ট ইন্ডিজের তিন ওয়ানডের প্রথম দুটি হবে ২৭ ও ৩০ সেপ্টেম্বর। তৃতীয় ম্যাচটি ৩ অক্টোবর হওয়ায় সেটি বিশ্বকাপের সরাসরি যোগ্যতার হিসাবে আসবে না।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সিরিজটি না হলে বাংলাদেশের বর্তমান ৮৩ রেটিং অপরিবর্তিত থাকবে। সে ক্ষেত্রে কাটঅফের আগে মাত্র দুটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশকে টপকে যাওয়া কঠিন হবে। তাই ভারত সিরিজ না হওয়াই বাংলাদেশের বড় বিপদ, এমন ধারণা পুরোপুরি সঠিক নয়।

শেষ পর্যন্ত নবম স্থান হারালে বাংলাদেশের বিশ্বকাপের আশা শেষ হয়ে যাবে না। তবে সরাসরি খেলার বদলে ২০২৭ সালের বাছাইপর্ব পেরিয়ে মূল আসরের টিকিট অর্জন করতে হবে।