Advertisement

এক শর্তেই ভেস্তে গেল হার্দিকের গুজরাটে ফেরা

এশিয়া পোস্ট স্পোর্টস
এক শর্তেই ভেস্তে গেল হার্দিকের গুজরাটে ফেরা
হার্দিক পান্ডিয়া। ছবি: বিসিসিআই

মুম্বাই ইন্ডিয়ান্সে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পুরোনো দল গুজরাট টাইটান্সে ফিরতে চেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফ্র্যাঞ্চাইজিও তাকে ফেরাতে আগ্রহী ছিল এবং বর্তমান অধিনায়ক শুভমান গিলও তাতে আপত্তি করেননি। তবে হার্দিকের এক শর্তেই সম্ভাব্য সেই দলবদল আটকে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

Advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে মুম্বাই ছাড়ার পথ খুঁজছেন হার্দিক। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনার পাশাপাশি গুজরাটে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছিল।

গুজরাট কর্তৃপক্ষ হার্দিককে ফেরানোর বিষয়টি শুভমান গিলের সঙ্গে আলোচনা করেছিল। গিলও সাবেক অধিনায়কের প্রত্যাবর্তনে সম্মতি দিয়েছিলেন। তবে হার্দিক ফেরার জন্য আবারও দলের অধিনায়ক হওয়ার শর্ত দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত বদলে যায়।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি তাঁর ফেরায় রাজি ছিল। বর্তমান অধিনায়ক শুভমান গিলের সঙ্গেও বিষয়টি আলোচনা করা হয়েছিল এবং তিনিও হার্দিককে ট্রেড করে ফেরানোর ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। কিন্তু অধিনায়কত্বের শর্ত সামনে আসার পর সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত সবাই তাতে না বলে দেন।’

তবে হার্দিকের মুখপাত্র দাবি করেছেন, দলবদল নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি কথা বলেননি ভারতীয় এই অলরাউন্ডার। তার কাছে কোনো প্রস্তাব এসে থাকলেও সেটি মুম্বাই ইন্ডিয়ান্সের মাধ্যমেই এসেছে।

মুখপাত্র বলেন, ‘দলবদল, ট্রেড কিংবা অন্য কোনো বিষয়ে হার্দিক পান্ডিয়া কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি আলোচনা করেননি। তাকে ঘিরে কোনো প্রস্তাব দেওয়া হয়ে থাকলে সেটি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেই দেওয়া হয়েছে।’

হার্দিকের সঙ্গে গুজরাট টাইটান্সের সম্পর্ক অবশ্য বেশ সফল। তার নেতৃত্বেই নিজেদের অভিষেক মৌসুমে ২০২২ সালের আইপিএল শিরোপা জিতেছিল দলটি। পরের মৌসুমেও ফাইনালে উঠেছিল গুজরাট। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্ব পান হার্দিক।

তবে মুম্বাইয়ে ফেরার পর থেকেই সমর্থকদের একাংশের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে তাকে। সর্বশেষ মৌসুমের ব্যর্থতার পর দলটি বড় পরিবর্তনের কথা ভাবছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমের খবর। সেই পরিবর্তনের অংশ হিসেবে হার্দিকের মুম্বাই ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

মুম্বাই, গুজরাট কিংবা হার্দিকের পক্ষ থেকে সম্ভাব্য দলবদল নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আগামী আইপিএলে হার্দিক কোন দলের হয়ে খেলবেন, সেই প্রশ্ন আপাতত অনিশ্চিতই থাকছে।

এক শর্তেই ভেস্তে গেল হার্দিকের গুজরাটে ফেরা