মুশফিকের অবসরের সিদ্ধান্তে মন খারাপ তামিমের

বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল, দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দুজন। বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য স্মরণীয় জয়ের সাক্ষীও তারা। সেই মুশফিকুর রহিমের অবসরের খবর এবার নিজ মুখেই জানাতে হলো তামিম ইকবালকে। দীর্ঘদিনের সতীর্থের বিদায়ের সিদ্ধান্তে মন খারাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির। তবে মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চান তামিম।
শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান তামিম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অভিজ্ঞ এই ব্যাটার। কয়েক দিন আগেই ফোন করে নিজের সিদ্ধান্তের কথা তামিমকে জানিয়েছিলেন মুশফিক।
বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার নজির খুব বেশি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন দেশের অনেক তারকা ক্রিকেটার। তবে মুশফিকের ক্ষেত্রে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান তামিম।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজের সিদ্ধান্তটি যেন সংবাদ সম্মেলন করে নিজেই ঘোষণা করে। একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।’
মুশফিকের বিদায়ী টেস্ট ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনাও করছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে চায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য মুশফিক যে অবদান রেখেছেন, তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তাকে শুধু ধন্যবাদই জানাতে পারি। তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অনেক অনেক ক্রিকেটার ও তরুণের আদর্শ। তাই মুশফিকের জন্য বিসিবির পক্ষ থেকে বড় ধরনের উদ্যাপনের আয়োজন থাকবে।’
বাংলাদেশের হয়ে সর্বাধিক ১০৮ টেস্ট খেলা মুশফিকের সংগ্রহ ৭ হাজার ৬২ রান। ১৪টি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার। দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকও তিনি। এমন একজন ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ তামিমের।
তিনি বলেন, ‘মুশফিকের মতো একজন মেধাবী ক্রিকেটার যখন অবসরের সিদ্ধান্ত নেন, তখন আমার খারাপ লাগে, মন খারাপ হয়। তবে আসুন, এই টেস্ট ম্যাচটিকে একটি বিশেষ আয়োজনে পরিণত করি।’
মুশফিকের বিদায় স্মরণীয় করে রাখার উদ্যোগ তামিমের জন্য অবশ্য নতুন নয়। গত বছরের মার্চে ওয়ানডে থেকে মুশফিকের অবসরের পর মিরপুরে মোহামেডানের সতীর্থদের নিয়ে তাকে গার্ড অব অনার দিয়েছিলেন তামিম।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই দেশের জার্সিতে শেষবার মাঠে নামবেন তিনি। দীর্ঘদিনের সতীর্থকে মাঠ থেকে যথাযথ মর্যাদায় বিদায় দেওয়ার সুযোগ এবার বিসিবি সভাপতি হিসেবে পাচ্ছেন তামিম।



