‘নতুন ফ্যাব ফোর’ বাছতে গিয়ে পাঁচজনের নাম বললেন উইলিয়ামসন

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন। এক দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ে আধিপত্য বিস্তার করেছেন এই চার তারকা। ক্রিকেটবিশ্বে তারা পরিচিতি পেয়েছেন ‘ফ্যাব ফোর’ নামে।
তবে কোহলি ও উইলিয়ামসনের অবসরের পর ধীরে ধীরে শেষের পথে এই প্রজন্মের অধ্যায়। তাদের জায়গা নেবেন কারা? এমন প্রশ্নের উত্তরে চারজন নয়, পাঁচ ক্রিকেটারের নাম বলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি উইলিয়ামসন। তার পছন্দের তালিকায় রয়েছেন ভারতের দুজন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত আইসিসির ‘দ্য আইসিসি রিভিউ’ অনুষ্ঠানে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের সঙ্গে আলাপচারিতায় নিজের পছন্দের ক্রিকেটারদের নাম জানান উইলিয়ামসন। এ সময় নিজের দীর্ঘ ক্যারিয়ার, ফ্যাব ফোরের অন্য তিন সদস্য এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন তিনি।
উইলিয়ামসনের চোখে পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় পাঁচ ব্যাটার হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ভারতের শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।
তবে এই পাঁচজনকে এবারই প্রথম বেছে নেননি উইলিয়ামসন। ২০২৫ সালের এপ্রিলেও এক সাক্ষাৎকারে একই ক্রিকেটারদের নাম বলেছিলেন তিনি। এবার নাসের হুসেইনের প্রশ্নে সেই প্রসঙ্গ টেনে মজা করে বলেন, ‘আসলে এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। তাই এবারও একই নাম বলতে হবে। নইলে একটু প্রতারক হয়ে যাব!’
এরপর নিজের পছন্দের ক্রিকেটারদের নাম জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমার তালিকায় ছিল হ্যারি ব্রুক, শুভমান গিল, ক্যামেরন গ্রিন ও যশস্বী জয়সওয়াল। আরেকজনও ছিল, রাচিন রবীন্দ্র।’
তবে স্বদেশি রাচিনকে নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে সাবেক কিউই অধিনায়কের। সেটি অবশ্য তার ব্যাটিং দক্ষতা কিংবা সামর্থ্য নিয়ে নয়। ভবিষ্যতে নিউজিল্যান্ডের হয়ে কতটা টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাবেন রাচিন, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন উইলিয়ামসন।
তিনি বলেন, ‘রাচিনের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটের পরিমাণ, বিশেষ করে টেস্ট ক্রিকেট। ভবিষ্যতে সেটি কীভাবে এগোবে, আমি নিশ্চিত নই। তবে সেও অবশ্যই আমার তালিকায় থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে সব দেশের ক্রিকেটাররা সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পান না। ফলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ফ্যাব ফোরের মতো অবস্থানে পৌঁছানো সহজ নয়। বিশেষ করে এমন স্বীকৃতির ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ার ও নিয়মিত টেস্ট খেলার সুযোগও গুরুত্বপূর্ণ।
উইলিয়ামসনের বেছে নেওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে ইতিমধ্যে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ব্রুক। গত ১৭ নভেম্বর প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের এই ব্যাটার রয়েছেন এক নম্বরে।
একই তালিকায় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ষষ্ঠ, ভারতের শুভমান গিল দশম ও যশস্বী জয়সওয়াল চতুর্দশ স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন আছেন যৌথভাবে উনিশতম অবস্থানে।
অর্থাৎ উইলিয়ামসনের পছন্দের পাঁচজনই টেস্ট ক্রিকেটে নিজেদের সামর্থ্যের পরিচয় দিতে শুরু করেছেন। ।
নিজের ক্যারিয়ারে ফ্যাব ফোরের সদস্য হওয়াকে অবশ্য কখনো বাড়তি চাপ হিসেবে দেখেননি উইলিয়ামসন। বরং অন্য তিন ক্রিকেটারের খেলা উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি কখনো এটিকে বোঝা মনে করিনি। ফ্যাব ফোরের অন্য তিনজনকে আমি অনেক শ্রদ্ধা করতাম। তাদের সবাইকে ভালোভাবে চিনি। রুটের সঙ্গে ইয়র্কশায়ারে খেলেছি, আর দীর্ঘ সময় তাদের বিপক্ষে খেলেছি। তারা যেভাবে ক্রিকেট খেলত, সেটি আমার খুব ভালো লাগত। প্রত্যেকেই একে অন্যের চেয়ে আলাদা।’
উইলিয়ামসনের মতে, একই প্রজন্মের চার ক্রিকেটারকে দীর্ঘ সময় ধরে এত রান করতে দেখা ছিল বিশেষ কিছু। তবে নিজের সঙ্গে অন্যদের পরিসংখ্যানের তুলনা নিয়ে খুব একটা ভাবতেন না তিনি।
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য কী করতে পারছি এবং কীভাবে আরও বেশি অবদান রাখতে পারি। আমি দলকে ঘিরে ভাবতে ভালোবাসতাম। কারণ এতে নিজের খেলাকেও আরও এগিয়ে নেওয়ার সুযোগ থাকে।’
অন্যদের সঙ্গে তুলনা করাও খুব উপভোগ্য বিষয় নয় বলে মনে করেন উইলিয়ামসন। তার ভাষায়, ক্রিকেটারদের বিভিন্ন সময়ে, বিভিন্ন কন্ডিশনে খেলতে হয়। তাই সরাসরি তুলনা করে কে কতটা এগিয়ে, তা নির্ধারণ করা কঠিন।
তবে অবসরের পর পেছনে ফিরে তাকিয়ে ফ্যাব ফোরের অংশ হওয়ার বিশেষত্ব উপলব্ধি করছেন তিনি।
উইলিয়ামসন বলেন, ‘খেলার সময় বিষয়টি নিয়ে খুব একটা ভাবিনি। কিন্তু অবসরের পর ফিরে তাকালে কিছুটা ব্যতিক্রমই মনে হয়। আমরা চারজন দীর্ঘ সময় ধরে খেলেছি এবং বেশ কিছু রানও করেছি।’
চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ১১০ টেস্টে করেছেন ৯ হাজার ৫১৫ রান। ৫৪ দশমিক ০৬ গড়ে তার নামের পাশে রয়েছে ৩৩টি সেঞ্চুরি, যা নিউজিল্যান্ডের রেকর্ড।
শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও দেশের ক্রিকেটে স্মরণীয় অধ্যায় তৈরি করেছেন তিনি। তার নেতৃত্বে ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে হারিয়েছিল কিউইরা।
উইলিয়ামসনের আগেই ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে জো রুট ও স্টিভ স্মিথ এখনো টেস্ট খেলছেন। তবে তারাও ক্যারিয়ারের শেষ ভাগের দিকে এগিয়ে যাচ্ছেন।
ফলে টেস্ট ক্রিকেটে পরবর্তী প্রজন্মের সেরা চার ব্যাটার কারা হবেন, সেই আলোচনা আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
উইলিয়ামসন অবশ্য এখনই চারজনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি। তার চোখে ব্রুক, গিল, জয়সওয়াল, গ্রিন ও রাচিন, পাঁচজনেরই রয়েছে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠার সম্ভাবনা।




-a1429d-720x405.webp)


