৮ উইকেটের হারে শুরু বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের। এডিনবার্গে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।
টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৩৩ রান। জবাবে স্কটল্যান্ড ২৬ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায়।
বাংলাদেশের বোলাররা শুরু থেকেই স্কটিশ ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। ওপেনিং জুটিতে ডার্সি কার্টার ও ক্যাথরিন ফ্রেসার যোগ করেন ৩৩ রান। ২৩ রান করা কার্টারকে ফিরিয়ে রিতু মনি বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।
এরপর ফ্রেসার আর অধিনায়ক ক্যাথরিন ব্রাইস মিলে স্কটল্যান্ডকে জয়ের পথে আরও এগিয়ে নেন। দলীয় ৮০ রানে ফ্রেসারকে ফেরান স্বর্ণা আকতার। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইসের অবিচ্ছিন্ন জুটিতেই জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ৫৪ রান। অধিনায়ক ক্যাথরিন ৫৪ রানে অপরাজিত থাকেন। সারাহ অপরাজিত ছিলেন ২৩ রানে।
এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ধীর ও নড়বড়ে। ২৬ রানের মধ্যেই দুই ওপেনার জুরাইয়া ফেরদৌস ও দিলারা আক্তার ফিরে যান। প্রথম ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান, যা বড় সংগ্রহের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
অধিনায়ক নিগার সুলতানা শেষ পর্যন্ত লড়াই করেন। ৩৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। তবে অল্পের জন্য ফিফটি মিস করেন বাংলাদেশ অধিনায়ক। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আকতার করেন ২২ রান করে।
শেষ দিকে নিগারদের চেষ্টায় বাংলাদেশ ১৩৩ রানে পৌঁছালেও সেটি স্কটল্যান্ডকে চাপে ফেলার মতো যথেষ্ট হয়নি। ব্যাটিংয়ে ভালো শুরু না পাওয়া এবং পরে বোলিংয়ে দ্রুত উইকেট তুলতে না পারাই ম্যাচে বাংলাদেশের বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের পরের ম্যাচ ৩১ মে নেদারল্যান্ডসের বিপক্ষে।
