logo

অস্ট্রেলিয়ার টেস্ট দলে দুই নতুন মুখ, বাদ লায়ন

অস্ট্রেলিয়ার টেস্ট দলে দুই নতুন মুখ, বাদ লায়ন
অস্ট্রেলিয়া টেস্ট দল। পুরোনো ছবি

অস্ট্রেলিয়ার টেস্ট দলে পরিবর্তনের হাওয়া। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর অভিজ্ঞদের কয়েকজনকে বাদ দিয়ে নতুনদের ওপর আস্থা রেখেছেন দেশটির নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবার ডাক পেয়েছেন অফস্পিনার কোরি রকিচ্চিওলি ও ব্যাটার জ্যাক ক্লেটন। ২০১১ সালে অভিষেকের পর এবারই প্রথম পারফরম্যান্সের কারণে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন নাথান লায়ন।

শনিবার (২৮ নভেম্বর) প্যাট কামিন্সকে অধিনায়ক রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। লায়ন ছাড়াও জায়গা হয়নি মার্নাস লাবুশেন, কুপার কনোলি ও বেউ ওয়েবস্টারের। চোট কাটিয়ে ফিরেছেন স্টিভ স্মিথ।

Advertisement

দীর্ঘদিন ধরেই ছন্দে নেই লায়ন। দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজে ৪৩.৬৭ গড়ে মাত্র ছয় উইকেট নিয়েছেন তিনি। শেফিল্ড শিল্ডে ফিরেও দুই ম্যাচে সাত উইকেট নিতে খরচ করেছেন উইকেটপ্রতি ৪৩.২৮ রান।

৩৯ বছর বয়সী এই অফস্পিনারের বাদ পড়ার কারণ হিসেবে সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশিত প্রভাব রাখতে না পারার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তবে আগামী বছরের ভারত সফরে লায়নকে ফেরানোর সম্ভাবনা রয়েছে। ১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তার ওপরে আছেন কেবল শেন ওয়ার্ন (৭০৮)।

লায়নের জায়গায় ডাক পাওয়া রকিচ্চিওলি শেফিল্ড শিল্ডের গত দুই মৌসুমেই নিয়েছেন ৩৮টি করে উইকেট। চলতি মৌসুমে ৩৩.৮৮ গড়ে তার শিকার ১৮ উইকেট। তাসমানিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ১৪০ রানের ইনিংস খেলেছেন ২৯ বছর বয়সী এই স্পিনার। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ ম্যাচে ৩০.৬২ গড়ে ২০৫ উইকেট নিয়েছেন রকিচ্চিওলি। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তার কার্যকারিতাকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। তবে পার্থে চার পেসার নিয়ে মাঠে নামলে অভিষেকের জন্য অপেক্ষা করতে হতে পারে তাকে।

অন্যদিকে লাবুশেনের শূন্যস্থান পূরণের দৌড়ে এগিয়ে ক্লেটন। চলতি শেফিল্ড শিল্ডে ৭৪.৮৩ গড়ে ৪৪৯ রান করেছেন কুইন্সল্যান্ডের ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ম্যাচে ৪০.১৭ গড়ে রান করার পাশাপাশি রয়েছে সাতটি সেঞ্চুরি। পার্থে তিন অথবা চার নম্বরে ব্যাট করতে পারেন তিনি।

শেফিল্ড শিল্ডের ষষ্ঠ রাউন্ড শেষে স্কোয়াডে আরও একজন ব্যাটার যুক্ত করবেন নির্বাচকরা। আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের তিনটি টেস্ট শুরু হবে যথাক্রমে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে, ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৪ জানুয়ারি সিডনিতে।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রকিচ্চিওলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট