বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে কারা

কোয়ার্টার ফাইনালে এক বলও খেলতে হয়নি বাংলাদেশকে। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর উচ্চতর র্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে উঠেছে লিটন দাসের দল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে শেষ চারের ম্যাচেও একই ঘটনা ঘটলে এবার ভাগ্য কি বাংলাদেশের পক্ষে থাকবে?
বৃহস্পতিবার জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরু স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় সকাল ৬টায়।
টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নকআউট ম্যাচে ফল বের করা সম্ভব না হলে উচ্চতর বাছাই বা আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের পর্বে যাবে। কোয়ার্টার ফাইনালে এই নিয়মেই মালয়েশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ এবং হংকংকে পেছনে ফেলে পাকিস্তান সেমিফাইনালে উঠেছে।
কিন্তু বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে সেই হিসাব বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিংয়ে পাকিস্তান ছয় নম্বরে, বাংলাদেশ আটে। ফলে বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হলে পাকিস্তানই উচ্চতর র্যাঙ্কিংয়ের সুবাদে ফাইনালের টিকিট পাবে।
তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর, গত কয়েক দিনের তুলনায় সেমিফাইনালের দিনের আবহাওয়ার পূর্বাভাস অনেক ভালো।
জাপান আবহাওয়া সংস্থার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার আইচি অঞ্চলে ভোর পর্যন্ত কিছু মেঘ থাকলেও পরে আকাশ পরিষ্কার হওয়ার কথা। পশ্চিম আইচিতে রাত থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে শূন্য শতাংশ। কাছের নাগোয়ার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩১ ডিগ্রি।
বুধবারও আইচির কিছু এলাকায় মেঘ ও বৃষ্টি ছিল। তবে দিনের পরের ভাগে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে এবং আবহাওয়া অফিস বৃহস্পতিবারের জন্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ নতুন করে বৃষ্টি না হলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা এখন বেশ ভালো।
তারপরও চিন্তার জায়গা আছে মাঠ নিয়ে। টানা বৃষ্টিতে কোরোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড এতটাই ভিজে গিয়েছিল যে পুরুষদের চারটি কোয়ার্টার ফাইনালের একটিতেও বল গড়ায়নি। আয়োজকেরা মাঠ শুকানোর জন্য যন্ত্রপাতি ব্যবহার করছেন এবং রোদ পাওয়া গেলে সেমিফাইনালগুলো আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছেন।
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচসহ চার কোয়ার্টার ফাইনালই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। উচ্চতর বাছাইয়ের কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা শেষ চারে জায়গা পায়।
