অন্য জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার এবার ইংল্যান্ড দলে

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পাঁচ বছর আগেই। এরই মধ্যে একটি জাতীয় দলের হয়ে খেলেছেন ৩১টি আন্তর্জাতিক ম্যাচ, পেয়েছেন সেঞ্চুরির দেখাও। এবার আরেকটি জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আসা ট্রাইব। জার্সির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২২ বছর বয়সী এই ব্যাটারকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ট্রাইবকে দলে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) তার সঙ্গে লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে সংস্থাটি।
২০২১ সালে জার্মানির বিপক্ষে জার্সির হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ট্রাইবের। এরপর খেলেছেন ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে। ওয়ানডেতে ৫৯.২৫ গড়ে ২৩৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৫৬৪ রান।
গত অক্টোবরেও কেনিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে জার্সির প্রতিনিধিত্ব করেছেন ট্রাইব।
অন্য জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে বাধা নেই তার। আইসিসির খেলোয়াড়দের যোগ্যতাসংক্রান্ত নীতিমালার ২.২.১ ধারা অনুযায়ী, সহযোগী সদস্য দলের হয়ে খেলা কোনো ক্রিকেটার প্রয়োজনীয় যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে পূর্ণ সদস্য দলের হয়ে খেলতে পারেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট সময় অপেক্ষা করার বাধ্যবাধকতা নেই।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও বেশ কিছুদিন ধরে আলো ছড়াচ্ছেন ট্রাইব। ২০২৫ সালে ওয়ানডে কাপে গ্ল্যামরগানের হয়ে ৮০.২০ গড়ে করেছিলেন ৪০১ রান। চলতি বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচে করেছেন ৯৪০ রান।
ট্রাইবের এই ডাক পাওয়াটা গ্ল্যামরগানের জন্যও বিশেষ এক অর্জন। ক্লাবটির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তিনি। ২০০৫ সালে সাইমন জোন্সের পর গ্ল্যামরগান থেকে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পাওয়া প্রথম ক্রিকেটারও ট্রাইব। চ্যানেল দ্বীপপুঞ্জ থেকে প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পাওয়ার ইতিহাসও গড়েছেন তিনি।
এদিকে মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হাতে চোট পেয়ে ছিটকে গেছেন উইল জ্যাকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যোগ দিতে শেষ টি-টোয়েন্টির আগে দল ছাড়বেন হ্যারি ব্রুক ও জর্ডান কক্স। তাদের অনুপস্থিতি সামাল দিতেই ট্রাইব ও রেহানকে ডেকেছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী ২৯ নভেম্বর সিডনিতে চতুর্থ ও ২ ডিসেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। এই দুই ম্যাচের যেকোনো একটিতে সুযোগ পেলেই দুটি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হবে ট্রাইবের।



