আফগানিস্তান ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ অনুশীলনে ফিরেছেন। তাকে আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স।
গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর থেকে হোটেলকক্ষেই ছিলেন এই অলরাউন্ডার। অবশেষে সোমবার (১৯ অক্টোবর) আবুধাবিতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
মিরাজের অবস্থা নিয়ে সিমন্স বলেন, ‘তাকে আবার দেখতে পেয়ে ভালো লাগছে। গত কয়েক দিন অসুস্থ হয়ে বিছানায় ছিল সে। এখনো পুরোপুরি সুস্থ নয়। আশা করি, আজ ও আগামীকাল আরও কিছুটা বিশ্রাম পেলে পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উঠবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মিরাজ ফিরলে দলের ভারসাম্য বাড়ানোর সুযোগ পাবেন সিমন্স। এর আগে চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিরাজের ফেরার সম্ভাবনা দলের জন্য ইতিবাচক খবর।
এদিকে জিম্বাবুয়ের কাছে বড় হারের পরও দলের আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন না সিমন্স। তার মতে, একটি বাজে ম্যাচ দিয়েই দলের সামগ্রিক পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না।
বাংলাদেশ কোচ বলেন, ‘দলের উদ্যম এখনো ভালো আছে। সকালে আমরা একটি ভালো বৈঠক করেছি। কোথায় ভালো করেছি, কোথায় ভুল করেছি, সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। এখন আমাদের কী করতে হবে, সেটাও জানি।’
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেছেন সিমন্স। তার মতে, ভালো শুরুর পর ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারেননি ব্যাটাররা।
তিনি বলেন, ‘ব্যাটিংয়ের সময় আমরা পরিস্থিতিটা ঠিকভাবে বুঝতে পারিনি। এমন শুরুর পর শুধু নিশ্চিত করতে হতো, যেন পুরো ৫০ ওভার ব্যাট করতে পারি। তাহলেই ম্যাচটি জিততাম।’
ওই হারের পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে ড্রেসিংরুমে দীর্ঘ বৈঠক করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দলের পারফরম্যান্স ও এগিয়ে যাওয়ার পথ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে সিমন্সের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন সুর।
তামিমের বার্তা সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘তার মূল বার্তা ছিল কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া। আমাদের বুঝতে হবে, আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই আমাদের সফল দেখতে চায়।’
আগামী বুধবার (২১ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

