পাকিস্তানের কোচ হতে চান মুশতাক, কিন্তু ভয়ও পান

পাকিস্তানের কোচ হিসেবে কাজ করতে চান মুশতাক আহমেদ। তবে সিরিজের মাঝপথে কোচদের সরিয়ে দেওয়ার ঘটনা তাকে ভাবাচ্ছে। বাংলাদেশের এই স্পিন কোচের চাওয়া, দেশের হয়ে কাজ করতে গেলে সম্মান ও নিশ্চিন্তে দায়িত্ব পালনের সুযোগ যেন পান।
বিবিসির ‘স্টাম্পড’ অনুষ্ঠানে পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুশতাককে। তিনি বলেন, ‘মানুষ যখন সম্মান দেয় না, তখন কখনো কখনো নিজের দেশের হয়ে কাজ করতেও ভয় লাগে।’
তার অভিযোগ, আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে কোচদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সফর চলার সময় এমন ঘটনা দেখলে অন্যরাও দায়িত্ব নিতে ভয় পান।
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্ট হারের পর সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরফরাজ আহমেদকে সরিয়ে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। শেষ টেস্ট বাকি থাকতেই এমন বড় পরিবর্তন নিয়ে চলছে সমালোচনা।
সরফরাজ ও তার সঙ্গে কাজ করা উমর গুলকে এভাবে সরিয়ে দেওয়ায় কষ্ট পেয়েছেন মুশতাক। তার মতে, দুজনই দেশের ক্রিকেটে দীর্ঘদিন অবদান রেখেছেন। তাদের সরাতেই হলে সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল।
মুশতাক মনে করেন, বোর্ড ভরসা দিলে তার মতো আরও অনেক পাকিস্তানি কোচ দেশের হয়ে কাজ করতে চাইবেন। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে লড়াই করার মতো একটি দল গড়ার চ্যালেঞ্জ নিতে আগ্রহী তিনি।
এ জন্য অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শও দিয়েছেন মুশতাক। পাকিস্তানের দুঃসময় যারা সামলেছেন, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের মতামত শোনা উচিত বলে মনে করেন তিনি।


-0c8872.webp)