Advertisement

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

এশিয়া পোস্ট স্পোর্টস
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার। ছবি: এএপি

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার সিডনির একটি আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন।

Advertisement

গত এপ্রিলে ইস্টার ছুটির সময় ঘটনাটি ঘটে। একটি সামাজিক অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে সিডনির পূর্বাঞ্চলে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওয়ার্নার। পথে পুলিশের শ্বাস পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়।

আদালতে অভিযোগ স্বীকার করেন ৩৯ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ওয়েভারলি লোকাল কোর্টে শুনানিতে জানানো হয়, রাস্তার পাশে পুলিশের অ্যালকোহল পরীক্ষা কেন্দ্র দেখতে পেয়ে গাড়ি থামিয়েছিলেন ওয়ার্নার। এরপর গাড়িতে থাকা এক নারী যাত্রীর সঙ্গে আসন পরিবর্তনের চেষ্টাও করেছিলেন তিনি।

বিচারক ক্লেয়ার ফার্নান বলেন, ‘আমি মনে করি, মিস্টার ওয়ার্নারের আবার এমন অপরাধ করার সম্ভাবনা কম। তবে দুর্ভাগ্যজনকভাবে নিউ সাউথ ওয়েলসে এখনো অনেক সড়ক দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো।’

ঘটনার সময় গাড়িতে শিশু থাকায় অপরাধটিকে আরও গুরুতর হিসেবে বিবেচনা করেছেন আদালত।

জরিমানার পাশাপাশি ওয়ার্নারের গাড়িতে ‘ইন্টারলক’ যন্ত্র স্থাপন করতে হবে। চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত হলে এই যন্ত্র গাড়ির ইঞ্জিন চালু হতে দেয় না।

রায় ঘোষণার পর অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই আদালত ছাড়েন ওয়ার্নার।

তার আইনজীবী অবশ্য আদালতের কাছে দোষী সাব্যস্ত না করার আবেদন জানিয়েছিলেন। যুক্তি হিসেবে তিনি বলেন, ঘটনাটি নিয়ে ব্যাপক সংবাদ প্রকাশের কারণে ওয়ার্নারের বাণিজ্যিক কাজের সুযোগ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই আবেদন গ্রহণ করেননি আদালত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ওয়ার্নার। সম্প্রতি ডারউনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টেও সম্প্রচার দলের অংশ ছিলেন তিনি।

বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের অধিনায়কও ওয়ার্নার। কাকতালীয়ভাবে ক্লাবটি নিউ সাউথ ওয়েলস সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিরুৎসাহিত করার একটি প্রচারণার সঙ্গে যুক্ত।

ওয়ার্নারের অধিনায়কত্ব নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট নিউ সাউথ ওয়েলস। তবে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, নিরাপদ গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্টের পাশাপাশি আড়াই শতাধিক ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়ার্নার।

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার