আম্পায়ারের নির্দেশ না মেনে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আম্পায়ারদের নির্দেশ বারবার অমান্য করে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আফসার জাজাই। দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালনের সময় তাকে মাঠে প্রবেশ করতে নিষেধ করেছিলেন আম্পায়াররা। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে অনুমতি ছাড়াই আবার মাঠে ঢোকেন তিনি। এ ঘটনায় আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আফগান এই ব্যাটার।
বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাজাইয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করা এই ধারার আওতায় পড়ে।
ঘটনাটি ঘটে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে। দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্বে থাকা জাজাইকে একাধিকবার মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট করা থেকে বিরত থাকতে বলেন দুই আম্পায়ার। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারে আম্পায়ারদের অনুমতি ছাড়াই আবার মাঠে প্রবেশ করেন জাজাই।
এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সফি।
অভিযোগ স্বীকার করে নেন জাজাই। ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসের মধ্যে এটিই জাজাইয়ের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। লেভেল-১ পর্যায়ের অপরাধে সর্বনিম্ন আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হতে পারে।
নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার বা তার বেশি হলে সেগুলো নিষেধাজ্ঞার পয়েন্টে রূপান্তরিত হয়। দুই নিষেধাজ্ঞার পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। তবে জাজাই আপাতত কোনো নিষেধাজ্ঞা পাননি।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট ড্র হয়। জয়ের জন্য আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচ বাঁচায় আফগানরা। সেদিকুল্লাহ আতালের ১১১ রানের ইনিংস তাদের ড্র নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
