logo

এশিয়ান গেমসের কোয়ার্টারে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান গেমসের কোয়ার্টারে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ
বাংলাদেশের এশিয়ান গেমস দল। ছবি: বিসিবির ফেসবুক পেজ

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। বৃষ্টিতে ওমান-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে মালয়েশিয়া। আর সেখানেই তাদের অপেক্ষায় বাংলাদেশ।

শনিবার নিশিনে গ্রুপের শেষ ম্যাচে ওমানের সমীকরণ ছিল জয়ের। কিন্তু টানা বৃষ্টিতে টসই হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে দুই দল পায় এক পয়েন্ট করে।

তাতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে হংকং, চায়না। আর মাত্র এক পয়েন্ট পাওয়া ওমানের এশিয়ান গেমস শেষ হয়ে গেছে গ্রুপপর্বেই।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা পেয়েছিল। গ্রুপপর্ব শেষে তাই বাংলাদেশের সামনে পড়েছে মালয়েশিয়া।

এই প্রতিপক্ষ অবশ্য বাংলাদেশের জন্য একেবারে নতুন নয়। দুই দলের একমাত্র আন্তর্জাতিক সাক্ষাৎ হয়েছিল ২০২৩ হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালেই। সেবার মাত্র ২ রানে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এবারও শেষ আটেই মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

অন্য কোয়ার্টার-ফাইনালে সোমবার ভোর ৬টায় পাকিস্তান খেলবে হংকং, চায়নার বিপক্ষে। একই দিন সকাল ১১টায় ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। মঙ্গলবার ভোর ৬টায় নেপাল মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

এর আগে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তাতে স্বাগতিক জাপান বাদ পড়ে, নেপাল গ্রুপসেরা এবং আফগানিস্তান দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠে।