৬ রানে ৪ উইকেট তুলে আফগানিস্তানকে হারাল বাংলাদেশের যুবারা

জয়ের জন্য শেষ চার ওভারে আফগানিস্তানের দরকার ছিল ৪০ রান, হাতে চার উইকেট। ম্যাচ তখনো পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রুবাই ইসলাম রিজন। তার বোলিং তোপে মাত্র ৬ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় আফগানিস্তান। তাতে ৩৩ রানের জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শনিবার (১৭ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে চার ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫০ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভার ২ বলে ২১৭ রানে অলআউট হয় আফগানিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন আবদুল্লাহ আল মুহি। এরপর দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জারিফ সিয়াম ও আলামিন হোসেন রনি। জারিফ ৫৩ বলে ৫০ ও আলামিন ৪৬ বলে ২৬ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ১১১ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে ষষ্ঠ উইকেটে ১১৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রাকিবুল হাসান ও আহসান আল মুমিন। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ৭৮ বলে ৬ চার ও এক ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন রাকিবুল। অন্যদিকে ৭০ বলে ৫৪ রান করেন মুমিন। তাদের ব্যাটেই আড়াই শ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
২৫১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তবে হামজা খানের অর্ধশতকে ম্যাচে টিকে ছিল তারা। একপর্যায়ে ১৬৮ রানে ৬ উইকেট হারালেও সপ্তম উইকেটে সোহেল খানকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন হামজা। তাতে জয়ের সম্ভাবনা তৈরি হয় আফগানদের।
কিন্তু এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৭তম ওভারে আক্রমণে ফিরে দুই উইকেট তুলে নেন রিজন। প্রথমে ২১ রান করা সোহেল খানকে ফেরানোর পর তুলে নেন অর্ধশতক করা হামজাকেও। ৭১ বলে ৫১ রান করেন আফগানিস্তানের এই ব্যাটার। পরের ওভারে শেখ আতিকুর রহমান আরও একটি উইকেট নিলে জয়ের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের।
৪৯তম ওভারের দ্বিতীয় বলে ইমরান মোহাম্মদিকে বোল্ড করে আফগানিস্তানের ইনিংস শেষ করেন রিজন। শেষ চার উইকেটের তিনটিই নেন তিনি। সব মিলিয়ে ৮ ওভার ২ বলে ৩৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই পেসার।
যুব ওয়ানডেতে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন রিজন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগে অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ছিল রিপন মণ্ডলের। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে শেখ আতিকুর রহমান ৩২ রানে নেন ২ উইকেট। চার ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী সোমবার (১৯ অক্টোবর) একই মাঠে অনুষ্ঠিত হবে।

