স্যান্ডপেপার কেলেঙ্কারি আরও আগে শুরু হয়েছিল, দাবি ডি ভিলিয়ার্সের

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক অভিযোগের পর এবার বিতর্কে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তার দাবি, ২০১৮ সালে কেপটাউনে ধরা পড়ার অনেক আগেই বল বিকৃতি শুরু করেছিল অস্ট্রেলিয়া। এমনকি পোর্ট এলিজাবেথ নয়, সিরিজের প্রথম টেস্টে ডারবান থেকেই অবৈধভাবে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছিল বলে বিশ্বাস করেন তিনি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বোলাররাও বিষয়টি জানতেন বলে দাবি করেছেন সাবেক এই ব্যাটার।
সোমবার (২৩ নভেম্বর) আলোচনায় এসেছে নিজের ইউটিউব চ্যানেল ‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’-এ দেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের বক্তব্য। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের সবগুলোতেই খেলেছিলেন তিনি। ফলে মাঠে থেকে দেখা অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন করে সন্দেহ প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বলেন, ‘এটা ডারবানেই শুরু হয়েছিল, পোর্ট এলিজাবেথে নয়। প্রথম টেস্টে আমরা হেরেছিলাম। কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার বল এমন একটা সময়ে রিভার্স সুইং করছিল, যা বেশ অস্বাভাবিক।’
ডারবানের কিংসমিডে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে ডি ভিলিয়ার্সের। সেই অভিজ্ঞতা থেকেই তার সন্দেহ, ম্যাচের যে সময়ে অস্ট্রেলিয়ার বোলাররা রিভার্স সুইং পাচ্ছিলেন, তখন স্বাভাবিকভাবে বলের এমন আচরণ করার কথা নয়।
তিনি বলেন, ‘কিংসমিডে এত তাড়াতাড়ি বল রিভার্স সুইং করার কথা নয়। বিশ্বাস করুন, আমি সেখানে অনেক ক্রিকেট খেলেছি।’
তবে ডারবান টেস্টে ঠিক কী ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত নন ডি ভিলিয়ার্স। স্যান্ডপেপার কিংবা অন্য কোনো বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি। তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পরিকল্পিতভাবে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছিলেন কি না।
ডি ভিলিয়ার্সের ভাষায়, ‘সেখানে তারা যা-ই ব্যবহার করে থাকুক, স্যান্ডপেপার কিংবা পেরেক, তাতে আমার কিছু যায় আসে না।’
তার সবচেয়ে বড় অভিযোগ অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে। স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না, এমন দাবি বিশ্বাস করতে পারছেন না সাবেক প্রোটিয়া অধিনায়ক।
তিনি বলেন, ‘বিশেষ করে বোলাররা জানতেন। কারণ বল এমনিতেই রিভার্স সুইং করে না। এটা তো অস্ট্রেলিয়ার হয়ে তাদের প্রথম টেস্ট ম্যাচ ছিল না।’
শুধু বোলার নন, পুরো দলেরই বিষয়টি জানা ছিল বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স। তার মতে, পরিকল্পনাটি আগে থেকেই নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনার দায় মাত্র কয়েকজন ক্রিকেটারের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।
সাবেক এই ব্যাটার বলেন, ‘পুরো বিষয়টি সম্পর্কে দলের প্রত্যেকেই জানতেন। এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’
তবে ডারবান টেস্টে অবৈধভাবে বল বিকৃতির অভিযোগের পক্ষে নতুন কোনো প্রত্যক্ষ প্রমাণ তুলে ধরেননি ডি ভিলিয়ার্স। তার সন্দেহের মূল ভিত্তি ওই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের পাওয়া অস্বাভাবিক রিভার্স সুইং।
কী ঘটেছিল ২০১৮ সালে?
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় টেস্টে কেপটাউনের নিউল্যান্ডসে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট।
পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের সংশ্লিষ্টতা পাওয়া যায়। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা।
ক্রিকেট ইতিহাসে ঘটনাটি ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত হয়ে ওঠে। তখনকার তদন্তে মূলত এই তিন ক্রিকেটারকেই পরিকল্পনার বিষয়ে অবগত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
দীর্ঘ আট বছর পর চলতি মাসে প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ নতুন করে বিতর্ক উসকে দেন উসমান খাজা। তার দাবি, কেপটাউনে ধরা পড়ার আগেই পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।
শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটার নন, দলের অন্য সদস্যরাও পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন বলে অভিযোগ করেন খাজা। তার বক্তব্যকে পরবর্তী সময়ে সমর্থন জানান ডেভিড ওয়ার্নার ও চ্যাড সেয়ার্স।
এরপর গত বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত দীর্ঘ লেখায় ক্যামেরন ব্যানক্রফট স্বীকার করেন, ২০১৮ সালের তদন্তে তিনি পুরো সত্য জানাননি। দলের আরও সদস্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে জানতেন বলে দাবি করেন তিনি।
তবে ব্যানক্রফটের বক্তব্যের সঙ্গে ডি ভিলিয়ার্সের নতুন অভিযোগের গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
নিজের লেখায় ব্যানক্রফট স্পষ্ট জানিয়েছেন, ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি। তার দাবি অনুযায়ী, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট থেকেই স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা শুরু হয়।
ব্যানক্রফট অবশ্য ডারবান টেস্টে বলের পরিচর্যায় প্রচলিত বিভিন্ন পদ্ধতি ব্যবহারের কথা উল্লেখ করেছেন। তবে সে ম্যাচে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন তিনি।
অন্যদিকে ডি ভিলিয়ার্স বলছেন, ডারবানেই বলের অস্বাভাবিক রিভার্স সুইং দেখা গিয়েছিল। তাই তার বিশ্বাস, অবৈধভাবে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা আরও আগে শুরু হয়েছিল।
কামিন্সদের অস্বীকার, দায় নিতে বললেন ডি ভিলিয়ার্স
এদিকে পুরো দলের সংশ্লিষ্টতা কিংবা আগে থেকে জানার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
খাজার বক্তব্যের জবাবে তিনি জানিয়েছেন, বল বিকৃতির উদ্দেশ্যে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না। পরিকল্পনা তৈরিতে তার সংশ্লিষ্টতার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
২০২১ সালে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, বল বিকৃতির উদ্দেশ্যে কোনো বাইরের বস্তু মাঠে নেওয়া হয়েছিল বলে তারা আগে জানতেন না। কেপটাউনে টেলিভিশনের বড় পর্দায় ঘটনা দেখার পরই বিষয়টি জানতে পারেন বলে দাবি তাদের।
সেই সময়ের প্রধান কোচ ড্যারেন লেহম্যানও একই অবস্থানে রয়েছেন। তার দাবি, কেপটাউনে টেলিভিশনের পর্দায় ব্যানক্রফটকে স্যান্ডপেপার লুকাতে দেখার পরই প্রথম বিষয়টি জানতে পারেন তিনি।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত ও শাস্তি দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ডি ভিলিয়ার্স। তার মতে, পুরো ঘটনার দায় মাত্র তিনজন ক্রিকেটারের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।
ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ারই বেশি দায় নেওয়া উচিত ছিল। তারা বিষয়টি সঠিকভাবে সামাল দিতে পারেনি।’
স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দেওয়া শাস্তিও অতিরিক্ত কঠোর ছিল বলে মনে করেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তার মতে, পুরো দলকে একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা করা উচিত ছিল।
ডি ভিলিয়ার্সের অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্ট ক্রিকেটাররা মানসিক চাপে পড়ে গিয়েছিলেন। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি। ফলে আট বছর পরও বিতর্কটির অবসান ঘটছে না।
এদিকে নতুন অভিযোগের পরও ২০১৮ সালের ঘটনার আনুষ্ঠানিক তদন্ত আবার শুরু করার পরিকল্পনা নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। তবে ওই সফরে থাকা ক্রিকেটার ও কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, সেখানে সংশ্লিষ্টরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। নতুন করে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়নি।
বিতর্কের মধ্যেও অধিনায়ক কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদ। তবে গ্রিনবার্গ পরিষ্কার করেছেন, কামিন্সকে সমর্থন দেওয়ার অর্থ খাজা কিংবা ব্যানক্রফটের বক্তব্যকে মিথ্যা হিসেবে ধরে নেওয়া নয়। ভিন্ন ভিন্ন পক্ষের বক্তব্য শোনার সুযোগ রাখতে চায় সংস্থাটি।

