বৈভবের টেস্ট সামর্থ্য নিয়ে সংশয় সাবেক ইংলিশ ক্রিকেটারের
-5d8c99-720x405.webp)
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। তবে ভারতের এই তরুণ ব্যাটারকে নিয়ে এবার ভিন্ন মত দিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। তার দাবি, টেস্ট ক্রিকেটে সফল হওয়ার মতো টেকনিক এখনো বৈভবের নেই।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খুব একটা ভালো করতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজসেরা হন বৈভব। ভারতের হয়ে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট অভিষেক হয়নি তার।
‘বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্ট’-এ পানেসার বলেন, ‘আমি বৈভবকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে দেখছি না। আমার মনে হয় না, তার সেই টেকনিক আছে।’
তবে পানেসারের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, বর্তমান সময়েও একজন ক্রিকেটারের তিন সংস্করণেই সফল হওয়া সম্ভব। উদাহরণ হিসেবে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের কথা বলেছেন তিনি।
বৈভবের লাল বলের সাম্প্রতিক পারফরম্যান্সও অবশ্য পানেসারের দাবির বিপরীতে কথা বলছে। গত মাসে দুলীপ ট্রফির সেমিফাইনালে মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ফিফটি করেন তিনি। শতক থেকে মাত্র আট রান দূরে থামেন বৈভব।
পরে ফাইনালেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের টেস্ট পেসার মোহাম্মদ সিরাজের এক ওভারে ১৪ রান নিয়েছিলেন এই কিশোর ব্যাটার।


