ফাইনালে উঠতে আফগানদের ১১৯ রানে আটকাতে হবে বাংলাদেশকে

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে বাংলাদেশকে। শারজায় আগে ব্যাট করে ৪১ ওভার ২ বলে ১৬০ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে আফগানদের সামনে জয়ের লক্ষ্য ১৬১ রান। তবে বাংলাদেশের জন্য শুধু জয়ই যথেষ্ট নয়। নেট রানরেটের সমীকরণ মেলাতে অন্তত ৪১ রানে জিততে হবে তাওহীদ হৃদয়ের দলকে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৯৩ রানের জুটিতে দলকে টেনে তোলেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। ইমন ৯৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রান করেন। সাইফের ব্যাট থেকে আসে ৮২ বলে ৪১ রান। তাঁদের দুজনের বিদায়ের পর আবারও ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং।
আফগানিস্তানের হয়ে ৩১ রানে ৪ উইকেট নেন রশিদ খান। ইমনকে ফিরিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের শেষ আশাটুকুও শেষ করে দেন তিনি। এরপর নিজের শেষ ওভারের প্রথম দুই বলে আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে আউট করে গুটিয়ে দেন বাংলাদেশের ইনিংস। দুটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমদজাই। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ।
ফাইনালের টিকিট পেতে হলে এবার বোলারদের দিকেই তাকিয়ে থাকতে হবে টাইগারদের। আফগানিস্তান ১২০ রান করলেই নেট রানরেটের সমীকরণে জিম্বাবুয়েকে পেছনে ফেলার সুযোগ হারাবে বাংলাদেশ। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানদের ১১৯ রানের মধ্যে থামাতে হবে হৃদয়দের।
