২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশের দিন চূড়ান্ত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কবে, কোথায় এবং কার বিপক্ষে খেলবে, সেই অপেক্ষা শেষ হচ্ছে আগামী ১ অক্টোবর। সেদিন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সূচি প্রকাশের অনুষ্ঠান দিয়েই শুরু হবে বিশ্বকাপের এক বছরের ক্ষণগণনা। একই দিন বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনও শুরু করবে আইসিসি। তবে সঙ্গে সঙ্গে টিকিট কেনা যাবে না; প্রথমে সমর্থকদের টিকিট ব্যালটে নাম নিবন্ধন করতে হবে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর এবং ফাইনাল হবে ২১ নভেম্বর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে ১৪ দলের এই আসর।
বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি জায়গাও কার্যত নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংকে সরাসরি যোগ্যতার কাট-অফ হিসেবে ধরা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। তাদের বাইরে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল জায়গা পাবে বিশ্বকাপে।
২৩ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। তবে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে আগেই জায়গা নিশ্চিত করায় র্যাঙ্কিংয়ের নবম দলটিও সরাসরি বিশ্বকাপে যাচ্ছে। বাংলাদেশের অবস্থান তাই নিরাপদ। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্বে।
সরাসরি খেলার পথে থাকা অন্য দলগুলো হলো ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত হয়ে যাবে। বাকি চার দল আসবে আগামী বছরের বাছাইপর্ব থেকে।
এবারের বিশ্বকাপের কাঠামোও আগের আসরগুলোর তুলনায় আলাদা। ১৪ দলের টুর্নামেন্টে মূল পর্বের আগে থাকবে ‘সুপার সিরিজ’। যোগ্যতা পাওয়া তিন সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের দল সেখানে একে অন্যের বিপক্ষে খেলবে। সেখান থেকে সেরা দল যাবে পরের ধাপে।
দ্বিতীয় পর্বে থাকবে ১২ দল। ছয়টি করে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে তারা। দুই গ্রুপের প্রথম তিন দল এবং দুই গ্রুপের মধ্যে সেরা চতুর্থ দল মিলিয়ে পরবর্তী সেরা দল জায়গা পাবে ‘সুপার সেভেন’-এ।
সুপার সেভেনে সাত দল একে অন্যের বিপক্ষে খেলবে মোট ২১ ম্যাচ। সেখানকার শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় ও তৃতীয় দল মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে। নতুন কাঠামোয় পুরো বিশ্বকাপে হবে ৫৭ ম্যাচ।
২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে দ্বিতীয়বারের মতো আয়োজনের অংশ হচ্ছে, আর নামিবিয়ার জন্য এটি হবে প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা।
