বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ চেজের

বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আনন্দ আছে, কিন্তু পূর্ণ তৃপ্তি নেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তার দল। তবে সিলেটে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হয়েছে। সিরিজ শেষে সেই আক্ষেপ প্রকাশ করেছেন ক্যারিবীয় অধিনায়ক। তার মতে, দ্বিতীয় টেস্ট জয়ের যথেষ্ট সময় ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে।
সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের শেষ দিনে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে আর মাঠে নামা সম্ভব হয়নি দুই দলের। ৩৬৯ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ফলে ড্র মেনে নিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেজ জানান, বাংলাদেশে আসার আগে তাদের লক্ষ্য ছিল দুটি টেস্টেই জয় পাওয়া। মিরপুরে প্রথম ম্যাচে আট উইকেটের জয়ে সেই লক্ষ্যের অর্ধেক পূরণ হয়েছিল। কিন্তু সিলেটে শেষ পর্যন্ত আরেকটি জয় পাওয়া হয়নি।
চেজ বলেন, ‘আমরা এখানে দুটি টেস্টই জিততে চেয়েছিলাম। সেটা হয়নি, তবে এই ফল আমরা মেনে নিচ্ছি। আমার মনে হয়েছিল, ম্যাচ জেতার মতো যথেষ্ট সময় আমাদের হাতে ছিল।’
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের প্রতিরোধের প্রশংসাও করেন ক্যারিবীয় অধিনায়ক। ৪০ রানে দুই উইকেট হারানোর পর ১৩৫ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর ভিত তৈরি করেন তারা।
চেজের মতে, সকালে আরও একটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। পাশাপাশি প্রথম ইনিংসে ৩০ রানের লিড হারানোও নিজেদের জন্য ক্ষতিকর হয়েছে বলে মনে করেন তিনি।
বিশেষ করে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনায় বড় বাধা তৈরি করেছিল। সেই ইনিংসের কারণেই দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বড় লক্ষ্য দাঁড় করাতে বেশি সময় নিতে হয় সফরকারীদের।
তবে দলের সামগ্রিক উন্নতিতে সন্তুষ্ট চেজ। তিনি জানান, চলতি বছরে তিনটি টেস্ট সিরিজ খেলে একটিতেও হারেনি ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দুটি জিতেছে ক্যারিবীয়রা।
অধিনায়কের প্রশংসা পেয়েছেন সিরিজে ১৬ উইকেট নেওয়া জোমেল ওয়ারিকান এবং অভিষেকে কার্যকর ব্যাটিং করা কেভিন উইকহামও। সিলেটে জয় না পেলেও বাংলাদেশের মাটিতে আবার সিরিজ জিতে দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ।


