logo

মাথায় দুবার আঘাত, টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ

মাথায় দুবার আঘাত, টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ
ছবি: গেটি ইমেজ

বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন আকাশ দীপ। তবে ব্যাটিং করতে গিয়েই বিপত্তি ঘটল ভারতীয় এই পেসারের। একই ওভারে দুবার হেলমেটে আঘাত পাওয়ার পর কনকাশনের কারণে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে প্রসিধ কৃষ্ণাকে একাদশে নিয়েছে ভারত।

রোববার (২৯ নভেম্বর) হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ঘটে ঘটনাটি। ভারতের প্রথম ইনিংসের ৫৩তম ওভারে কাইল জেমিসনের প্রথম বলটি পুল করতে গিয়ে ব্যাটের কানায় লেগে আকাশ দীপের হেলমেটের গ্রিলে আঘাত করে।

Advertisement

মাঠে এসে ভারতীয় পেসারের কনকাশন পরীক্ষা করেন দলের ফিজিও। এরপর আবারও ব্যাটিং শুরু করেন তিনি। তবে একই ওভারের পঞ্চম বলে জেমিসনের আরেকটি বাউন্সার আঘাত করে তার হেলমেটে। এবার আরও দীর্ঘ সময় ধরে পরীক্ষা করা হয় তাকে। হেলমেট বদলে আবারও ব্যাটিং করেন আকাশ দীপ।

দুটি আঘাতের পরও ধ্রুব জুরেলের সঙ্গে অষ্টম উইকেটে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। ভারতকে ফলোঅন এড়াতে সাহায্য করার পর নাথান স্মিথের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আকাশ দীপ। চারটি চারের সাহায্যে ৫২ বলে করেন ২৯ রান।

ভারতের ইনিংস শেষ হওয়ার পর কনকাশনের উপসর্গ দেখা দেয় তার। ফলে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি এই পেসার।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘কনকাশন বদলি হিসেবে তার জায়গায় এসেছেন প্রসিধ কৃষ্ণা। বিসিসিআইয়ের মেডিকেল দল তাকে পর্যবেক্ষণ করছে।’

আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে মাথায় আঘাতজনিত কনকাশনের ক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে সমজাতীয় ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া যায়। এই ক্রিকেটার ব্যাটিং ও বোলিংও করতে পারেন। এ ছাড়া সংশোধিত বিধি অনুযায়ী, কনকাশন শনাক্ত হওয়া ক্রিকেটারকে মাঠে ফেরার আগে অন্তত সাত দিনের বিরতিতে থাকতে হবে।

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট নিয়েছিলেন প্রসিধ। দ্বিতীয় টেস্টে তার জায়গায় অভিষেক হয় গুরনুর ব্রারের। তবে সতীর্থের চোটে আবারও মাঠে ফেরার সুযোগ পেলেন তিনি।

আকাশ দীপকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩১.৩ ওভারে ৯৯ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

এদিকে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে জুরেলের ৮৮ রানের ইনিংসে ভর করে ২৪৬ রান করেছে ভারত। প্রথম ইনিংসে ১১০ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ১৩৩ রান। স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ রানে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট