দেশের কোনো টিভিতেই দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবে নাজমুল হোসেন শান্তদের খেলা বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে না।
বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ সাধারণত সম্প্রচার করে টি স্পোর্টস। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি চ্যানেলটি। দেশের অন্য কোনো টিভি চ্যানেলও স্বত্ব না কেনায় টেলিভিশনে ম্যাচ দেখার সুযোগ থাকছে না।
বাংলাদেশ থেকে সিরিজটি সরাসরি দেখার একমাত্র বৈধ মাধ্যম ট্যাপম্যাড। তবে বিনা মূল্যে নয়, খেলা দেখতে প্ল্যাটফর্মটির নির্দিষ্ট প্যাকেজ কিনতে হবে। ট্যাপম্যাডের ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখা যাবে।
অস্ট্রেলিয়ায় সিরিজটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল সেভেন, ফক্সটেল ও কায়ো স্পোর্টস। এ ছাড়া সেভেন প্লাসে বিনা মূল্যে দেখা যাবে। ভারতে স্টার স্পোর্টস ও জিওহটস্টার, যুক্তরাজ্যে ডিএজেডএন এবং পাকিস্তানে টেন স্পোর্টস ও ট্যাপম্যাডে খেলা সম্প্রচারিত হবে। তবে এসব সম্প্রচার বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।
আগামীকাল বৃহস্পতিবার ডারউনের মারারা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে শান্ত-মুশফিকরা আবার সেখানে সাদা পোশাকে মাঠে নামলেও দেশের দর্শকদের খেলা দেখতে এবার নির্ভর করতে হবে অর্থের বিনিময়ে ডিজিটাল মাধ্যমের ওপর।
.png)


