ভারত ম্যাচের আচরণে শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি ভার্মাকে আউট করে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। সেই উদ্যাপনই এবার তাকে শাস্তির মুখে ফেলেছে। আচরণবিধি ভাঙায় ফাতিমাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
গত শনিবার দুবাইয়ে নারী এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারতের রান তাড়ার দ্বিতীয় ওভারে শেফালিকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান ফাতিমা। এরপর ভারতীয় ওপেনারকে উদ্দেশ করে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন পাকিস্তান অধিনায়ক। ওই ঘটনাকেই আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখেছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন ফাতিমা। এই ধারায় কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ, যা তাকে অপমান করতে পারে কিংবা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে। এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ।
শাস্তির পাশাপাশি ফাতিমার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। ফলে এই সময়ে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুইয়ে।
এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।
ফাতিমা অবশ্য নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার নিমালি পেরেরা ও শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান অভিযোগটি আনেন।
লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে।
ম্যাচে অবশ্য বল হাতে পাকিস্তানের সেরা পারফরমার ছিলেন ফাতিমাই। মাত্র ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারতের তিনটি উইকেট তুলে নেন তিনি। শেফালিই ছিলেন তার প্রথম শিকার। তবে পাকিস্তানের ৫৫ রানের পুঁজি যথেষ্ট হয়নি। ৮.৪ ওভারে তিন উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে সাত উইকেটের জয় তুলে নেয় ভারত। পাকিস্তানের ৫৫ রান ছিল নারী টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
ভারতের বিপক্ষে বড় হারের পর এবার মাঠের ঘটনার জন্যও শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক। আর দুই ডিমেরিট পয়েন্ট নিয়ে আগামী ম্যাচগুলোতে আচরণের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে ফাতিমাকে।


-0c8872.webp)