প্রথম ইনিংসে ব্যাট করার অবস্থায় নেই সাদমান, স্ক্যানের রিপোর্ট শনিবার

সিলেট টেস্টে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পাওয়া ওপেনার সাদমান ইসলাম আপাতত ব্যাট করার মতো অবস্থায় নেই। এরই মধ্যে হাসপাতালে তার স্ক্যান করানো হয়েছে। তবে চোট কতটা গুরুতর, তা জানতে অপেক্ষা করতে হবে আরও এক দিন।
শনিবার (৭ নভেম্বর) স্ক্যানের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। এরপরই পরিষ্কার হবে তার মাঠে ফেরার সম্ভাবনা।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে এক ভিডিও বার্তায় সাদমানের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
সাদমানের চোট নিয়ে তিনি বলেন, ‘সাদমান ইসলাম আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। পরবর্তীতে ও আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি ওর স্ক্যান করানো হয়েছে। মনে হচ্ছে, ওর একটা ইনজুরি আছে।’
কবে নাগাদ চোটের বিস্তারিত জানা যাবে, সেটিও জানিয়েছেন দলের ফিজিও।
তার ভাষায়, ‘আগামীকাল আমরা ইনজুরির রিপোর্টটা পেয়ে যাব। যে স্ক্যানটা করা হয়েছে, সেটার রিপোর্ট পাব। তারপর বিস্তারিত সবকিছু জানানো যাবে, কতদিন কেমন লাগতে পারে।’
তবে চলমান টেস্টে সাদমানের ব্যাটিং নিয়ে আশাব্যঞ্জক কোনো তথ্য দিতে পারেননি বায়েজিদুল। তার বক্তব্য অনুযায়ী, এই মুহূর্তে প্রথম ইনিংসে ব্যাট করার মতো শারীরিক অবস্থায় নেই সাদমান।
ফিজিও বলেন, ‘এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো অবস্থায় নেই।’
এর আগে শুক্রবার সকালে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭৮তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যায় সাদমানের। মেহেদী হাসান মিরাজের বলে আমির জাঙ্গুর শট আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি।
তীব্র যন্ত্রণায় নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি বাংলাদেশের এই ওপেনার। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
সাদমানের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাঈম হাসান। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের চেয়ে এখনো ২৬৮ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
চলতি সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা সাদমান। মিরপুরে প্রথম টেস্টে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এবার সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে তাঁর অনুপস্থিতি বড় সমস্যায় ফেলতে পারে বাংলাদেশকে।


