দক্ষিণ আফ্রিকা টেস্টেও অনিশ্চিত নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসের টেস্ট সিরিজেও নাহিদ রানাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন এই পেসারের সুস্থ হতে আরও দেড় থেকে দুই মাস লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর) দেশের ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া বক্তব্যে তিনি জানান, সময়টা কিছুটা কমবেশি হতে পারে। দেবাশীষ বলেন, ‘অন্তত ছয় থেকে আট সপ্তাহের কথা আলোচনা হয়েছে।’
তবে সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেই ম্যাচ খেলার উপযুক্ত হয়ে উঠবেন না নাহিদ। একই প্রতিবেদনে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ হওয়া মানে ক্রিকেটের কার্যক্রম শুরু করতে পারা। ম্যাচ খেলার প্রস্তুতি আলাদা বিষয়।
অস্ট্রেলিয়ায় প্রায় ১০ দিনের প্রাথমিক পুনর্বাসনের পর দেশে ফিরে পরবর্তী ধাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত বোলিং বন্ধ রেখে পুনর্বাসনের কাজই করছেন নাহিদ।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে শরীরের পাশের পেশিতে চোট পান এই পেসার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি। পুরোনো চোট কাটিয়ে বোলিংয়ে ফেরার চেষ্টা করতে গিয়ে পিঠের নিচের অংশ ও নিতম্বে অস্বস্তি অনুভব করেন তিনি।
দেশে পরীক্ষা-নিরীক্ষায় গুরুতর সমস্যা ধরা না পড়লেও প্রয়োজনীয় পেশিশক্তি ফিরে না পাওয়াকে অস্বস্তির সম্ভাব্য কারণ মনে করছেন বিসিবির চিকিৎসাসংশ্লিষ্টরা। পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে ফেরানোর ঝুঁকি নিতে চায় না বোর্ড। এ কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় পাঠানো হয় নাহিদকে।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

