Advertisement

এবার নেদারল্যান্ডের কাছেও হারল জ্যোতিরা

এশিয়া পোস্ট স্পোর্টস
এবার নেদারল্যান্ডের কাছেও হারল জ্যোতিরা
বাংলাদেশ নারী ক্রিকেট দল। পুরোনো ছবি

নিগার সুলতানার দুর্দান্ত ইনিংসও জেতাতে পারল না বাংলাদেশ নারী দলকে। এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটল্যান্ড নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ।

Advertisement

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন হিদার সিগার্স। ৪৩ বলের ইনিংসে ছিল ৭টি চার। এ ছাড়া ফিবি মলকেনবুর ২৯, স্টেরে কালিস ২৮, বাবেট ডি লিড ১৬ ও রবিন রাইকে অপরাজিত ১৮ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারিহা তৃষ্ণা। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। রাবেয়া খান ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন। মারুফা আক্তারের শিকার ১ উইকেট।

১৬৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৩ রানের মধ্যে ফিরে যান দিলারা আক্তার ও শারমিন আক্তার। জুয়ারিয়া ফেরদৌস করেন ২২ রান। তবে এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা। ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৭৭ রান।

শেষ দিকে রিতু মণির ১২ বলে ১৭ রান বাংলাদেশকে আশা দেখালেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। নেদারল্যান্ডসের হয়ে ব্যাটে ৫২ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হিদার সিগার্স।