হাথুরুসিংহের সঙ্গে বসতে চান ইমরুল, কথা হবে কোচিং নিয়ে

খেলোয়াড়ি জীবন পেছনে ফেলে এখন কোচিংয়ে মনোযোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। সেই পথচলায় বাংলাদেশের সাবেক প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের অভিজ্ঞতাও কাজে লাগাতে চান তিনি। অস্ট্রেলিয়ায় থাকা হাথুরুসিংহের সঙ্গে শিগগিরই বসে কোচিং নিয়ে আলোচনা করার পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক এই ওপেনার।
এশিয়া পোস্টের ‘টাচলাইন’ অনুষ্ঠানে ইমরুল জানান, অস্ট্রেলিয়ায় মাঝেমধ্যেই হাথুরুসিংহের সঙ্গে তার দেখা হয়। তবে দুজনের ব্যস্ততার কারণে এখনও কোচিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।
ইমরুল বলেন, ‘চান্ডিকা কোচ হিসেবে অনেক বড় কোচ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা সবাই জানি। ওর সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়। আমি যখন ক্রিকেট সেন্টারে যাই, যেখানে ও ট্রেনিং করায়, সেখানে আমার লেভেল টু করার সময়ও ওর সঙ্গে দেখা হয়েছিল।’
তবে এখন পর্যন্ত সেই দেখা-সাক্ষাৎ মূলত সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
‘মাঝে মাঝে হাই-হ্যালো হয়। কোচিং নিয়ে এখনও খুব বেশি কথা হয়নি। আমিও এখানে ব্যস্ত থাকি, ও-ও ব্যস্ত থাকে। বিদেশে আসলে সবাই অনেক ব্যস্ত থাকে,’ বলেন ইমরুল।
তবে সামনে সেই পরিস্থিতি বদলাতে পারে। হাথুরুসিংহের সঙ্গে আলাদা করে বসতে ইতোমধ্যেই যোগাযোগ করেছেন ইমরুল।
তিনি বলেন, ‘ভবিষ্যতে বা খুব শিগগিরই ওর সঙ্গে আবার বসব। আমি ওকে টেক্সট করেছি, ওর সঙ্গে বসার জন্য। ও আমাকে বলেছে যে আমার সঙ্গে বসবে। যখন বসব, তখন হয়তো কোচিং নিয়ে আলোচনা করব।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা ইমরুল বর্তমানে অস্ট্রেলিয়ায় নিজের ক্রিকেট একাডেমি নিয়ে কাজ করছেন। পাশাপাশি কোচিংয়ের আনুষ্ঠানিক প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। ভবিষ্যতে নিজের একাডেমির পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার।
