logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

দানবীয় ব্যাটিংয়ে ক্রিকেটে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

দানবীয় ব্যাটিংয়ে ক্রিকেটে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪ বিশ্ব রেকর্ড ভেঙেছেন বৈভব। ছবি:এসিসি

সেঞ্চুরি করেছিলেন মাত্র ২৮ বলে। তাতেই গড়েছিলেন বিশ্বরেকর্ড। তবে সেখানেই থামলেন না বৈভব সূর্যবংশী। পরের ২৪ বলেই পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭ চার ও ২৮ ছক্কায় ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ফিরলেন সাজঘরে। মাত্র ১৫ বছর বয়সেই লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে চারটি বিশ্বরেকর্ড নিজের করে নিলেন ভারতের এই বিস্ময়বালক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই কীর্তি গড়েছেন সূর্যবংশী। ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাঠে তার ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েন আমিরাতের বোলাররা।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হারপ্রীত সিং ভাটিয়ার ১৩০ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে আমিরাত। তবে সেই সংগ্রহ যে কতটা ছোট, ব্যাটিংয়ে নেমে সেটিই বুঝিয়ে দেন সূর্যবংশী।

২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই টানা তিন ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করার পথে মারেন আটটি ছক্কা। পরের ১২ বলেই পৌঁছে যান সেঞ্চুরিতে।

তাতেই ভেঙে দেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের বিশ্বরেকর্ড। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন এই অস্ট্রেলিয়ান। তিন বছরের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন সূর্যবংশী।

সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় এই তরুণ। মাত্র ৪০ বলে দেড়শ রান পূর্ণ করে ভেঙে দেন নিজেরই গড়া ৫৯ বলে দেড়শ রানের বিশ্বরেকর্ড। গত বছরের ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে সেই রেকর্ড গড়েছিলেন তিনি।

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে প্রথম ১০ ওভারেই ২ উইকেটে ১৮৩ রান তুলে ফেলে ভারত। বলপ্রতি তথ্য পাওয়া যায়, এমন লিস্ট ‘এ’ ম্যাচের ইতিহাসে প্রথম ১০ ওভারে কোনো দলের এটিই সর্বোচ্চ সংগ্রহ।

ইনিংসের দ্বাদশ ওভারে উদ্দিশ সুরির প্রথম চার বলে টানা চার ছক্কা মারেন সূর্যবংশী। পরের বলে হাঁকান চার। ওই ওভার থেকেই তুলে নেন ২৮ রান।

এরপর ইনিংসের ১৩তম ওভারে বাসিল হামিদের তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছক্কা মেরে ৫২ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের দখলে। ২০২৪ সালে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই রেকর্ডের চেয়ে ৫১ বল কম খেলেই মাইলফলকটি স্পর্শ করলেন সূর্যবংশী।

এক ইনিংসে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন ভারতীয় এই তরুণ। ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংসে ২৩টি ছক্কা মেরেছিলেন ডি’আর্সি শর্ট। তার চেয়েও পাঁচটি বেশি ছক্কা মারলেন সূর্যবংশী।

শেষ পর্যন্ত হামিদের বলেই আরিয়ানশ শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। ৩৮৪ দশমিক ৯১ স্ট্রাইক রেটে খেলা তার ২০৪ রানের ইনিংসের ১৯৬ রানই এসেছে চার-ছক্কা থেকে। অর্থাৎ বাউন্ডারি ছাড়া করেছেন মাত্র ৮ রান।

চলতি বছর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডও গড়েছিলেন সূর্যবংশী। এবার দ্রুততম সেঞ্চুরি, দেড়শ রান ও ডাবল সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ডও যোগ হলো তার নামের পাশে।

সূর্যবংশী যখন সাজঘরে ফেরেন, তখন জয়ের জন্য ভারত ‘এ’ দলের প্রয়োজন ছিল মাত্র ৫ রান।

এক ইনিংসে সূর্যবংশীর চার বিশ্বরেকর্ড

 রেকর্ড আগের রেকর্ড সূর্যবংশীর রেকর্ড
 দ্রুততম সেঞ্চুরি ২৯ বল ২৮ বল
 দ্রুততম দেড়শ রান ৫৯ বল  ৪০ বল
 দ্রুততম ডাবল সেঞ্চুরি ১০৩ বল ৫২ বল
 এক ইনিংসে সর্বাধিক ছক্কা ২৩টি ২৮টি

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট