৪৯ ইনিংস ধরে সেঞ্চুরি নেই, টেস্ট দল থেকে বাদ লাবুশেন

টানা ৪৯ ইনিংস ধরে টেস্টে সেঞ্চুরি নেই। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও কাটেনি ব্যাটিং ব্যর্থতা। একসময় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মার্নাস লাবুশেনকে এবার দল থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে এই অভিজ্ঞ ব্যাটারকে বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
সোমবার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে বেইলি জানান, আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হতে যাওয়া সিরিজে লাবুশেনকে রাখা হবে না। আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণার আগেই ৩২ বছর বয়সী এই ব্যাটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচক প্যানেল।
বেইলি বলেন, ‘আপাতত আমরা মার্নাসকে বিবেচনায় রাখছি না। শুধু প্রথম টেস্টের জন্য নয়, পুরো নিউজিল্যান্ড সিরিজের জন্যই। দলে তার জায়গা নিয়ে অনেক জল্পনা চলছে। আমার মনে হয়, এই সিদ্ধান্ত তাকে কিছুটা স্বস্তি দেবে এবং অনিশ্চয়তাও দূর করবে।’
লাবুশেনের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ২০২৩ সালের অ্যাশেজে ম্যানচেস্টারে। এরপর টানা ৪৯ ইনিংস তিন অঙ্ক ছুঁতে পারেননি। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে রান করে দলে ফিরেছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের পর ১০ টেস্টের ১৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র দুটি ফিফটি। এই সময়ে গড় ২৩ দশমিক ৬৬।
সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের ছয় ইনিংসে করেছেন ১৩১ রান, গড় ২১ দশমিক ৮৩। কেপটাউনে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে করেন শূন্য ও চার। সেই ম্যাচ হেরে ২-১ ব্যবধানে সিরিজও হারায় অস্ট্রেলিয়া।
অথচ ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই অন্য রকম। প্রথম ৩৩ টেস্টে ১০ সেঞ্চুরি করেছিলেন লাবুশেন, গড় ছিল ৫৯ দশমিক ৪৩। ২০২১ সালে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিলেন তিনি। সেই ব্যাটার এখন নেমে গেছেন যৌথভাবে ৪০তম স্থানে।
তবে জাতীয় দলে ফেরার দরজা বন্ধ হয়নি বলে জানিয়েছেন বেইলি। আগামী বছর ভারত সফর কিংবা ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে আবারও সুযোগ পেতে পারেন লাবুশেন।
প্রধান নির্বাচক বলেন, ‘আমরা সবাই জানি, নিজের সেরা ছন্দে মার্নাস কতটা কার্যকর হতে পারে। কিন্তু সেই পারফরম্যান্স এখন দেখা যাচ্ছে না। কয়েকটি ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেনি। তবে কাউকে আমরা স্থায়ীভাবে বাদ দিই না।’
আপাতত কুইন্সল্যান্ডের অধিনায়ক হিসেবে শেফিল্ড শিল্ডে খেলবেন লাবুশেন। সেখানেই রান করে আবারও নির্বাচকদের আস্থা অর্জনের সুযোগ পাবেন তিনি।
এদিকে তার জায়গায় কে খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। ঘাড়ের চোট কাটিয়ে স্টিভ স্মিথের ফেরার কথা রয়েছে। তিন নম্বরে তাকে খেলানোর সম্ভাবনা আছে। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশও। শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড শেষে পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে। তৃতীয়টি ২৬ ডিসেম্বর মেলবোর্নে এবং শেষটি আগামী ৪ জানুয়ারি সিডনিতে।


-0c109f.webp)