logo

আইপিএলে এবার প্রধান কোচের ভূমিকায় সৌরভ গাঙ্গুলী

আইপিএলে এবার প্রধান কোচের ভূমিকায় সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী। পুরোনো ছবি

আইপিএলে নতুন ভূমিকায় ফিরছেন সৌরভ গাঙ্গুলী। ২০২৭ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। গত দুই মৌসুম দায়িত্বে থাকা হেমাঙ্গ বাদানির জায়গা নিচ্ছেন তিনি।

দিল্লির সঙ্গে গাঙ্গুলীর সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে উপদেষ্টা হিসেবে প্রথমবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হন তিনি। পরে বিসিসিআই সভাপতির দায়িত্ব শেষ করার পর দিল্লির পুরুষ ও নারী দলের ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

এবার সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে প্রধান কোচ হিসেবে। দায়িত্ব পাওয়ার পর গাঙ্গুলী বলেছেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি দল এবং বছরের পর বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে।’

দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সহায়তাকারী কর্মী ও খেলোয়াড়দের সঙ্গে আগে থেকেই কাজ করার অভিজ্ঞতাকে বাড়তি সুবিধা হিসেবেও দেখছেন তিনি।

গাঙ্গুলীর ভাষায়, ‘আমাদের প্রতিভাবান একটি দল আছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো ধরনের ক্রিকেট খেলেছি। দলটির সঙ্গে কাজ করা, নতুন মৌসুম শুরু করা এবং শক্তিশালী ও ভয়ডরহীন একটি দল গড়ে তোলার অপেক্ষায় আছি।’

গাঙ্গুলীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিল্লিকে প্রথম আইপিএল শিরোপা এনে দেওয়া। আইপিএলের শুরুর আসর থেকে খেলা দলগুলোর মধ্যে দিল্লি ও পাঞ্জাব কিংস এখনো শিরোপা জিততে পারেনি।

দিল্লি সবচেয়ে কাছে গিয়েছিল ২০২০ সালে। সেবার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। পরের মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও ফাইনালে উঠতে পারেনি তারা। ২০২১ সালের পর আর প্লে-অফেও খেলেনি দলটি। গত মৌসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্ব ও বাদানির কোচিংয়ে ষষ্ঠ হয়ে শেষ করে দিল্লি।

ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক ও জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেছেন, ‘দাদা সবসময়ই দিল্লি ক্যাপিটালস পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এবার দিল্লির প্রধান কোচ হিসেবে কোচিংয়ে পা রাখছেন, এটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’

গাঙ্গুলীর প্রথম কাজ হবে নিজের সহকারী কোচিং দল চূড়ান্ত করা এবং ১৫ নভেম্বরের মধ্যে খেলোয়াড় ধরে রাখার পরিকল্পনা তৈরি করা। ২০২৭ আইপিএলের আগে ছোট পরিসরের নিলাম হওয়ার কথা ডিসেম্বরের মাঝামাঝি, গোয়ায়।

এর আগে দক্ষিণ আফ্রিকার এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন গাঙ্গুলী। চলতি বছর তার অধীনেই ফাইনালে উঠেছিল দলটি।