মিরপুর টেস্টের স্লো ওভার রেটে বড় শাস্তি পেল পাকিস্তান

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে হারের পর আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। স্লো ওভার রেটের কারণে শান মাসুদের দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও কেটে নেওয়া হয়েছে ৮ পয়েন্ট।
শুক্রবার (১৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার কম করেছে পাকিস্তান। সময় নষ্টের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও এই ঘাটতি থাকায় শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভার কম করায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে।
জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় ক্ষতি হলো পাকিস্তানের। টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে কেটে নেওয়া হয়। তাই মিরপুর টেস্টের স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ৮ পয়েন্ট কাটা গেছে।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অভিযোগ মেনে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি গ্রহণ করেছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আগামীকাল সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে।
