রেকর্ড গড়ে টানা দ্বিতীয় ফাইনালে বেঙ্গালুরু

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে একপেশে দাপট দেখিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধর্মশালায় বুধবার গুজরাট টাইটান্সকে ৯২ রানে উড়িয়ে দিয়েছে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৪ রান তোলে আরসিবি, যা আইপিএল প্লে-অফ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ১৯.৩ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাট।
ম্যাচের কেন্দ্রবিন্দু ছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংসে হাঁকান ৯টি ছক্কা। শুরুতে ১২ বলে ২০ রান করার পর জীবন পান তিনি, এরপর আর পেছনে তাকাতে হয়নি। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে ১১৪ রান তোলে বেঙ্গালুরু।
বিরাট কোহলি করেন ২৫ বলে ৪৩ রান। দেবদত্ত পাডিক্কাল ও ক্রুনাল পান্ডিয়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে ১৫তম ওভারের পর থেকেই ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায় গুজরাটের। কুলওয়ান্ত খেজরোলিয়ার এক ওভারে আসে ২৮ রান, এরপর রশিদ খানকেও টানা ছক্কায় উড়িয়ে দেন পাতিদার।
২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে গুজরাট। সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার—সবাই দ্রুত ফিরলে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। জশ হ্যাজলউডের ধীরগতির বলে বোল্ড হন বাটলার, যা কার্যত ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়।
একপ্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যান রাহুল তেওয়াতিয়া। ধীর শুরুর পর শেষদিকে হাত খুলে খেলেন তিনি, করেন ৪৩ বলে ৬৮ রান। তবে ততক্ষণে ম্যাচ অনেক দূরে চলে গেছে। শেষ পর্যন্ত তেওয়াতিয়ার ক্যাচও নেন পাতিদারই।
বল হাতে আরসিবির হয়ে জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার ও রাসিখ সালাম দার নেন দুটি করে উইকেট।
এই জয়ে সরাসরি ফাইনালে উঠে গেছে বেঙ্গালুরু। অন্যদিকে গুজরাটের সামনে এখনো সুযোগ থাকছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরের জয়ী দলের মুখোমুখি হবে তারা।
