logo

নতুন অধিনায়ক নাহিদাকে জ্যোতির বিশেষ বার্তা

নতুন অধিনায়ক নাহিদাকে জ্যোতির বিশেষ বার্তা
নাহিদা আক্তার ও নিগার সুলতানা জ্যোতি। ছবি: কোলাজ

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন দীর্ঘদিনের সতীর্থ নাহিদা আক্তার। দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদাকে শুভেচ্ছা জানান জ্যোতি। তার বিশ্বাস, নতুন দায়িত্বে নিজের অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগিয়ে বাংলাদেশ দলকে এগিয়ে নিতে পারবেন এই বাঁহাতি স্পিনার।

জ্যোতি লেখেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নেতৃত্বের দায়িত্ব বদলালেও দেশের হয়ে খেলার লক্ষ্য একই আছে বলে মনে করিয়ে দিয়েছেন জ্যোতি।

তিনি লেখেন, ‘দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই—বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

নতুন অধিনায়ককে সহযোগিতার আশ্বাস দিয়ে জ্যোতি আরও লেখেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত।’

দীর্ঘদিন একসঙ্গে খেলার স্মৃতিও তুলে ধরেছেন জ্যোতি। তার আশা, নেতৃত্ব বদলালেও মাঠে নাহিদার সঙ্গে সাফল্যের পথচলা অব্যাহত থাকবে।

তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’

এর আগে গত সেপ্টেম্বরে এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন জ্যোতি। ব্যাটিং ও নিজের খেলায় আরও বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

রোববার নাহিদাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করার সিদ্ধান্ত নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি।

২০২২ সাল থেকে জ্যোতির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নাহিদা। এবার তার হাতেই তুলে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। অন্যদিকে অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও সতীর্থ হিসেবে নতুন অধিনায়কের পাশে থাকার বার্তা দিয়ে রাখলেন জ্যোতি।