logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ভারতকে রুখে দেওয়ার পর নিউজিল্যান্ড শিবিরে দুঃসংবাদ

ভারতকে রুখে দেওয়ার পর নিউজিল্যান্ড শিবিরে দুঃসংবাদ
কিউই পেসার ব্লেয়ার টিকনার। ছবি: গেটি ইমেজ

প্রথম ইনিংসে ভারত ৭২০ রানের পাহাড় গড়ার পরও হার এড়াতে পেরেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে সফরকারীদের রুখে দিয়ে সিরিজ জয়ের স্বপ্নও বাঁচিয়ে রেখেছে কিউইরা। তবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল টম ল্যাথামের দল। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন পেসার ব্লেয়ার টিকনার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ম্যাট ফিশার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ওয়েলিংটনে অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ৩৩ বছর বয়সী টিকনার। মাঠে ফিরতে কতটা সময় লাগবে, তা নির্ধারণে ক্রাইস্টচার্চে তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Advertisement

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের একাদশে ছিলেন না টিকনার। তবে ভারতীয় ব্যাটারদের বিপক্ষে প্রথম টেস্টে কিউই বোলারদের অসহায়ত্বের পর দ্বিতীয় ম্যাচের বোলিং আক্রমণে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। তার আগেই টিকনারকে হারানোয় পেস বিভাগে বিকল্প কমেছে স্বাগতিকদের।

টিকনারের বদলি হিসেবে ডাক পাওয়া ফিশার ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন। ওয়ানডে সিরিজে নিয়েছেন ছয় উইকেট। সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি। শেষ ওয়ানডেতেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়েছিলেন এই পেসার।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ফিশারের। এরপর আর সাদা পোশাকে খেলার সুযোগ পাননি তিনি। এবার ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ তৈরি হয়েছে তার।

টিকনারের আগেই চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ডান হাতে বলের আঘাত পেয়েছিলেন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার হাতের হাড়ে চিড় ধরা পড়ে। স্যান্টনারের বদলি হিসেবে টেস্ট দলে নেওয়া হয়েছিল ডিন ফক্সক্রফটকে।

এদিকে ওয়েলিংটন টেস্টে ভারতের বিপক্ষে ৩৫২ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ১২০ ওভার ব্যাট করে হার এড়িয়েছে নিউজিল্যান্ড। ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করেছে ল্যাথামের দল। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের অবিচ্ছিন্ন জুটিতেই মূলত রক্ষা পায় স্বাগতিকরা।

তবে ওয়েলিংটন টেস্ট ড্র করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবনমন হয়েছে নিউজিল্যান্ডের। তাদের পয়েন্টের শতাংশ নেমে এসেছে ৬৬ দশমিক ৬৭-তে। ৬৯ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট নিয়ে কিউইদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। ফলে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য নিয়েও ক্রাইস্টচার্চে মাঠে নামবে দুই দল।

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়াং।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট