logo

চমক রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা বাংলাদেশের

চমক রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তবে গোড়ালির চোটের কারণে জায়গা হয়নি সাদমান ইসলামের। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান ও ব্যাটার অমিত হাসান।

সোমবার (৯ নভেম্বর) সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও পেসার খালেদ আহমেদও।

নতুন মুখ রবিনের অন্তর্ভুক্তি এবারের দল ঘোষণার অন্যতম চমক। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত ব্যাটিং করেছেন ময়মনসিংহ বিভাগের এই ওপেনার। প্রথম পাঁচ রাউন্ডে ১০ ইনিংসে ৬৭২ রান করেছেন তিনি। ৭৪.৬৬ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে সিলেটে জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন রবিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালে জাতীয় দলের কোচদের তত্ত্বাবধানে নেটে ব্যাটিং করেছেন তিনি। এবার প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন এই তরুণ।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

বিস্তারিত আসছে...

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট